সিডনিতে আজ অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিতীয় টি২০ ম্যাচে দুর্দান্ত লড়াইয়ের পর ‘টাই’ করে শ্রীলংকা। যদিও সুপার ওভারে সিংহলিজদের দাঁড়াতেই দেয়নি স্বাগতিকরা।


সুপার ওভারে হারলেও মূল ম্যাচ শ্রীলংকার লড়াইটা ছিল রোমাঞ্চকর। জিততে ১৮ বলে ৪৬ রানের প্রয়োজন ছিল শ্রীলংকার, তারা তুলতে পেরেছে ৪৫ রান। দুশমন্ত চামিরার শেষ শটটি সীমানা থেকে কয়েক মিটার দূরে পড়ে সীমানা অতিক্রম করে। তাতে মাচটি টাই হয়ে যায়।

কিন্তু সুপার ওভারে অবিশ্বাস্য বোলিং করেন জস হ্যাজেলউড। দাসুন শানাকা ও দিনেশ চান্দিমাল ব্যাটিংয়ে নামেন। হ্যাজেলউড মাত্র ৫ রান দিয়ে একটি উইকেট তুলে নেন তিনি। এরপর অজিরা হাসারাঙ্গা ডি সিলভার করা ওভারের প্রথম তিন বল থেকেই ৯ রান তুলে নিয়ে জয় নিশ্চিত করে।


এর আগে জস ইংলিশ (৩২ বলে ৪৮), অ্যারন ফিঞ্চ (২০ বলে ২৫), মার্কাস স্টয়নিস (১৮ বলে ১৯) ও গ্লেন ম্যাক্সওয়েলের (১২ বলে ১৫) ব্যাটে ৬ উইকেটে ১৬৪ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে লংকানরা ২৫ রানের মধ্যে তিনটি উইকেট হারায়। এরপরও তাদের লড়াইয়ে রাখেন ওপেনার পাথুম নিশাঙ্কা। ২০তম ওভারের তৃতীয় বলে স্টয়নিসের শিকার হয়ে তিনি যখন ফেরেন তখন লংকানরা জয় থেকে ১২ রান দূরে, বল বাকি ছিল ৩টি। নিশাঙ্কার ৫৩ বলে খেলা ৭১ রানের অনবদ্য ইনিংসটিই বিফলে যেতে বসে। যদিও মহেশ থিকসানা (৬*) ও চামিরা (৪*) নাটকীয়ভাবে ম্যাচটি টাই করে ফেলেন। এরপর সুপার ওভারে লংকানরা উড়ে যায় অজিদের কাছে।


২২ রানে ৩ উইকেট শিকার করে হ্যাজেলউড হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়।    

মঙ্গলবার ক্যানবেরায় সিরিজের তৃতীয় ম্যাচ। চতুর্থ ও পঞ্চম ম্যাচ মেলবোর্নে। ক্রিকইনফো