বাংলাদেশের টেস্ট ক্রিকেটের বয়স ২১ বছর। দীর্ঘ এই সময়ে বাংলাদেশ ক্রিকেটে দলগত ও ব্যক্তিগত নৈপুণ্যে অনেক ক্ষেত্রে উন্নতি হলেও টপ অর্ডার ব্যাটিংয়ের চিত্র আর পাল্টাচ্ছেই না। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ধবলধোলাইয়ের পর টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন নিউজিল্যান্ডে। সেখানেও বাংলাদেশের অবস্থা কখনো সুখকর ছিল না। এই সিরিজ সামনে রেখে আরেকবার দলের ভাবনার বিষয় হয়ে উঠবে টপ অর্ডার ব্যাটিং।
টেস্টে বাংলাদেশ এ পর্যন্ত খেলেছে ১২৬ ম্যাচ। যেখানে ৯৪ টেস্টেই হার, ১৫টিতে জয় এবং ১৭টিতে ড্র করেছে বাংলাদেশ। এই পরিসংখ্যানই বলে দেয়, বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অবস্থা কতটা করুণ। টেস্টে এ দুর্দশার নেপথ্যে অন্যতম কারণ টপ অর্ডার ব্যাটিংয়ের ব্যর্থতা। দেশসেরা ওপেনার তামিম ইকবালের সঙ্গী হিসেবে কেউই লম্বা সময় ওপেনিংয়ে থিতু হতে পারেননি। পরের পজিশনগুলোতেও তেমন ধারাবাহিকতা নেই।
টপ অর্ডার ধরা ১, ২ ও ৩ নম্বরকে। ক্ষেত্রবিশেষে ৪ নম্বর ব্যাটারকেও। দীর্ঘ সংস্করণের ক্রিকেটে টপ অর্ডার ব্যাটারদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা ভালো রান পেলে, পরের ব্যাটাররা দ্রুত রান তুলতে ও ফিনিশিং দিতে পারে। কিন্তু প্রথম ব্যাটার ব্যর্থ হলে পরের ব্যাটারদের কাজ কঠিন হয়ে পড়ে। সব শেষ পাকিস্তান সিরিজেও দেখা গেছে, প্রথম সারির ব্যাটাররা ব্যর্থ হওয়ার পর অন্যরা মোটামুটি লড়াই করলেও হার এড়ানো যায়নি।
পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের কোনো ইনিংসে প্রথম চার ব্যাটার মিলে ৫০ রান যোগ করতে পারেননি। চট্টগ্রাম টেস্টে চারজন মিলে প্রথম ইনিংসে সংগ্রহ ৪৮ রান ও দ্বিতীয় ইনিংসে ১৯, ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ৩৪ ও দ্বিতীয় ইনিংসে ২১ রান। এটি শুধু পাকিস্তান সিরিজে হয়েছে এমনটা নয়। বাংলাদেশের টেস্ট ইতিহাসের শুরু থেকেই ব্যর্থতার এই ‘ধারাবহিকতা’
চলে আসছে। এ নিয়ে বিসিবিও কাজ করে যাচ্ছে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। গত ছয়-সাত বছর ধরে আটজন ক্রিকেটারই ঘুরেফিরে টপ অর্ডারে ব্যাট করছেন। তামিম ইকবাল ও মুমিনুল হক ছাড়া কেউই বেশ ভালো করেননি। তামিম যখন ইনজুরিতে, তখন অবস্থা আরো ভয়ানক। গত ছয়-সাত বছরে টপ অর্ডারদের ব্যাটিং গড় সেটাই বলছে।
সাদমান ইসলাম
২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয়। এ পর্যন্ত খেলেছেন ১০টি টেস্ট। ১৯ ইনিংসে ২৭.৬১ গড়ে ওপেনারের সংগ্রহ ৪৯৭ রান। চলতি বছরে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের টেস্ট ক্যারিয়ারে একমাত্র সেঞ্চুরি (১১৫*), এছাড়া
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ফিফটি আছে তার। শূন্য রানে আউট হয়েছেন দুবার। ছয়বার দুই অঙ্কের ঘরেই যেতে পারেননি সাদমান। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ৩, ২, ১৪ ও ১ রান তার সংগ্রহ।
নাজমুল হোসেন শান্ত
২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয়। দেশের হয়ে খেলেছেন ১১টি টেস্ট। ক্যারিয়ারের শুরুতে দুটি টেস্টে চার, পাঁচ ও ছয় নম্বর পজিশনে ব্যাট করেছেন। বাকি টেস্টগুলোয় গুরুত্বপূর্ণ তিন নম্বরে ব্যাটিং করেন। এ পজিশনে ১৭ ইনিংসে ৩২.৪১ গড়ে তার সংগ্রহ ৫৫১ রান। চলতি বছর শ্রীলংকা ও জিম্বাবুয়ের বিপক্ষে দুটি সেঞ্চুরি করেন। এছাড়া একটি হাফসেঞ্চুরি আছে। চারবার আউট হয়েছেন শূন্য রানে। চারবার সিঙ্গেল ডিজিটে। সবশেষ পাকিস্তান সিরিজে তার ব্যাট থেকে আসে যথাক্রমে ১৪, ০, ৩০ ও ৬ রান।
সৌম্য সরকার
২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটের ক্যাপ পরেন সৌম্য। সাত বছরে সাদা পোশাকে খেলেছেন ১৬টি টেস্ট। এর মধ্যে ২০ ইনিংসে ওপেনিংয়ে নেমে ২৪.০৫ গড়ে করেছেন ৪৮১ রান। যদিও
পরে পাঁচ নম্বরেও ব্যাট করেন তিনি। ধারাবাহিক খারাপ পারফরম্যান্সের জন্য টেস্ট দলে এখন অনিয়মিত সৌম্য। চলতি বছর বাংলাদেশ এ পর্যন্ত সাতটি টেস্ট খেললেও সৌম্য ছিলেন একটিতে। নয় মাস ধরে টেস্ট দলের বাইরে এ টপ অর্ডার।
লিটন দাস
২০১৫ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক লিটন দাসের। ওয়ানডে ও টি২০র বেশির ভাগ ম্যাচে ওপেনিংয়ে দেখা যায় তাকে। টেস্টে ঠিক উল্টো। ছয় ও সাতে ভালো ব্যাট করছেন তিনি। পাকিস্তান সিরিজে একটি সেঞ্চুরিসহ ভালো পারফরম্যান্স করেন তিনি। কিন্তু ২০১৮ সালে কিছু টেস্টে ১০ ইনিংসে ওপেনার হিসেবে ব্যাটিং করেন। এ পজিশনে ১৫.৩ গড়ে ১৫৩ রান আসে তার উইলো থেকে। টপ অর্ডার থেকে নেমে গিয়েই বরং ভালো করছেন তিনি।
সাইফ হাসান
মিথুন-সৌম্যরা যখন বারবার ব্যর্থ, তখন নতুনদের সুযোগ দিয়েও পরীক্ষা নেন নির্বাচকরা। সাইফ হাসান তাদের একজন। এখন পর্যন্ত দেশের হয়ে সাদা পোশাকে খেলেছেন ছয় ম্যাচ। ওপেনিংয়ে ১১ ইনিংসে সেঞ্চুরি কিংবা হাফসেঞ্চুরির দেখা পাননি। ১৪.৪৫ গড়ে সর্বমোট করেছেন ১৫৯ রান! এর মধ্যে তিনবার আউট হন শূন্য রানে।
ইমরুল কায়েস
বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটারদের একজন ইমরুল। ২০০৮ সালে অভিষেকের পর সাদা জার্সিতে খেলেছেন ৩৯টি টেস্ট। সবশেষে ২০১৯ সালের নভেম্বরে তাকে এই পোশাকে দেখা যায়। এরপর থেকে দলে অনিয়মিত। ইমরুল টেস্টে সবশেষ ফিফটির দেখা পান ২০১৬ সালে। এরপর খেলেছেন আরো ১৩টি টেস্ট। কিন্তু ব্যাট হাসেনি। এ অভিজ্ঞ ব্যাটার সব সময়ই ওপেনিং থেকে চার নম্বর পর্যন্ত পজিশনে ব্যাট করেছেন। ৩৯টি টেস্টে ৭৬ ইনিংসে ২৪.২৮ গড়ে ১৭৯৭ রান করেছেন।
মুমিনুল হক
টেস্ট ক্যারিয়ারের শুরু থেকেই তিন ও চারে ব্যাট করেন মুমিনুল হক। বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটারদের একজন বলা হয় তাকে। কিন্তু ঘরের মাঠে সবশেষ পাকিস্তান সিরিজে তার পারফরম্যান্স ছিল একদমই হতাশাজনক। দুই টেস্টে যথাক্রমে ৬, ০, ১ ও ৭ রান করেন তিনি।










