উইমেনস এশিয়ান কাপের বাছাইপর্ব সামনে রেখে আজ রোববার জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ফুটবলার। যদিও এই ক্যাম্পে আপাতত থাকছেন না সাবেক অধিনায়ক সাবিনা খাতুন, মাসুরা পারভিন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া ও রুপনা চাকমা। এই ছয়জন ভুটানের লিগ খেলবেন। আজ ভুটান পৌঁছেছেন সাবিনা, ঋতুপর্ণা, মনিকা ও মাতসুশিমা। সকালে রওনা হয়ে দুপুরে ভুটান পৌঁছে যান বাংলাদেশের সাফজয়ী তারকারা। থিম্পুতে পৌঁছনোর পর পারো এফসির কর্মকর্তারা তাদের স্বাগত জানান।
পারো এফসির ফেসবুক একাউন্টে বাংলাদেশি তারকাদের স্বাগত জানিয়ে লেখা হয়েছে, ‘উইমেনস ন্যাশনাল লিগ খেলতে ভুটানে আসা বাংলাদেশি মেধাবী ফুটবলারদের স্বাগত জানাতে পেরে আমরা শিহরিত। সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, সুমাইয়া মাতসুশিমা ও মনিকা চাকমারা বিশাল অভিজ্ঞতার ভাণ্ডার ও কোয়ালিটি নিয়ে পারো এফসিতে যোগ দিচ্ছেন। দুই বছরের বিরতির পর আবারও ফিরছে পারো এফসি উইমেন আগের চেয়ে আরো শক্তিশালী ও অঙ্গীকারাবদ্ধ হয়ে। আসুন তাদের স্বাগত জানাই ও মাঠে তাদের উৎসাহ দেয়ার প্রস্তুতি নেই।’
গত বছর আগস্ট মাসে ভুটানে খেলে এসেছেন সাবিনারা। আবারও গেলেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ভুটানের লিগ খেলতে সাবিনাদের এনওসি দেয়া হয়েছে, এরপর যখন জাতীয় দলের প্রয়োজনে তাদের ডাকা হবে তখন তারা চলে আসবেন।
জাতীয় দলের গোলরক্ষক রুপনা চাকমা ও ডিফেন্ডার মাসুরা পারভীন ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলবেন। কৃষ্ণা রাণী সরকারের সঙ্গে আলোচনা করছে ভুটানের ক্লাবটি। চূড়ান্ত হলে তারা একসঙ্গে ভুটান যাবেন।










