মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে আজ দ্বিতীয় দিন সকালের সেশনে তাইজুল ইসলামের ঘূর্ণি জাদুতে ভারতের ৩ উইকেট তুলে নিয়ে দারুণ সাফল্য দেখাল বাংলাদেশ। ৩ উইকেটে ৮৬ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় অতিথিরা। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে তখনো তারা পিছিয়ে ছিল ১৪১ রানে।
সাজঘরের পথ ধরেন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল, শুভমান গিল আর ব্যাটিংয়ে আস্থার নাম চেতেশ্বর পুজারা। এই তিনটি উইকেটই তুলে নেন বামহাতি অর্থোডক্স স্পিনার তাইজুল।
১৪তম ওভারের প্রথম বলে ডাউন দ্য উইকেটে এসে তাইজুলের বল ডিফেন্ড করতে গিয়ে লেগ বিফোর হয়ে যান রাহুল। ৪৫ বলে ১০ রান করেন ভারতের অধিনায়ক। নিজের পরের ওভারেও একইভাবে গিলকে সাজঘরের পথ দেখান তাইজুল। গিল চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করেছিলেন।
এরপর ইনিংস মেরামত করছিলেন পুজারা ও বিরাট কোহলি। ৩১তম ওভারে তাইজুলের বলে ব্যাড-প্যাড ইনসাইড এজ হয়ে শর্ট লেগে মুমিনুল হককে ক্যাচ দেন পুজারা (৭২/৩)। এরপর কোহলির সঙ্গে যোগ দেন ঋষভ পন্ত। কোহলি ১৮ ও পন্ত ১২ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে যান।
এর আগে প্রথম দিন নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ ২২৭ রানে অলআউট হওয়ার পর বিনা উইকেটে ১৯ রান তুলে নেয় ভারত।
প্রথম টেস্টে ১৮৮ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।










