গতকাল কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে তারা।

২০১৮-১৯ মৌসুম থেকে টানা পাঁচ বার লিগ শিরোপা জয় করে বসুন্ধরা কিংস। গত মৌসুমে মোহামেডানের কাছে শিরোপা হারায় দলটি। এক মৌসুম বাদে লিগ ট্রফি পুনরুদ্ধার করল লাল-সাদা জার্সিধারীরা।

গতকাল সমীকরণ ছিল—জিতলেই চ্যাম্পিয়ন হবে কিংস। ড্র, কিংবা হারলেও শিরোপা জয়ের সুযোগ থাকবে। এমন ম্যাচে প্রতিপক্ষ হিসেবে সামনে ছিল শক্তিশালী আবাহনী। আবাহনীর সামনেও ছিল শিরোপার হাতছানি। বিএফএলে এ অলিখিত ফাইনালে আবাহনীকে হারিয়ে শিরোপা নিশ্চিত করল বসুন্ধরা কিংস।

কুমিল্লায় শিরোপা নির্ধারণী ম্যাচের দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। পেনাল্টি থেকে দোরিয়েলতন গোমেজ নাসিমেন্তো কিংসকে এগিয়ে দেয়ার পর দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করেন সোহেল রানা সিনিয়র। ১৭ ম্যাচ শেষে ৩৮ পয়েন্ট পেয়ে শিরোপা পুনরুদ্ধার করল বসুন্ধরা কিংস। ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আবাহনী। রানার্সআপ নির্ধারণ হবে শেষ রাউন্ডে।

২০০৭ সালে পেশাদার যুগে প্রবেশ করে বাংলাদেশের ফুটবল লিগ। এরপর থেকে সর্বোচ্চ ছয় বার শিরোপা জিতেছে ঢাকা আবাহনী। সর্বোচ্চ শিরোপা জেতার তালিকায় এখন থেকে তাদের সঙ্গে লেখা থাকবে বসুন্ধরা কিংসের নামটিও। তারাও আবাহনীর সমান ছয়বার লিগ শিরোপা জিতল।

বসুন্ধরা কিংসের কাছেই রাজত্ব হারিয়েছে আবাহনী। কিংসের জন্মের পর কখনই লিগ শিরোপার স্বাদ পায়নি তারা। ঢাকার জায়ান্টরা সর্বশেষ ২০১৭-১৮ মৌসুমে লিগ শিরোপা জিতেছিল। এরপর চারবার রানার্সআপ হলেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি।

গতকাল ম্যাচের ৪৩ মিনিটে আবাহনীর জালে বল ঠেলে দিলেও অফসাইডের কারণে গোল পাননি কিংসের সোহেল রানা সিনিয়র। প্রথমার্ধে আবাহনীর চেয়ে ভালো খেলেও গোলশূন্য বিরতিতে যায় কিংস। ৬২ মিনিটে মিরাজুলের জায়গায় ব্রুনো মাতোসকে নামায় আবাহনী। ব্রাজিলিয়ান উইঙ্গার মাঠে নামার পরপরই বেশকিছু আক্রমণ শানায় আবাহনী। ৬৫ মিনিটে এমেকার দারুণ ক্রসের নাগাল পাননি ব্রুনো। ৬৬ মিনিটে আরো একবার এমেকার পাসের নাগাল একটুর জন্য পেলেন না ব্রুনো।

ফাহিম ৭২ মিনিটে বক্সে ঢুকে পড়লে তাকে বাধা দিয়ে পেনাল্টি হজম করেন আবাহনী অধিনায়ক আসাদুজ্জামান বাবলু। বাম দিকের টপ কর্নার দিয়ে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন দোরিয়েলতন (১-০)। ম্যাচের ৭৭ মিনিটে সোহেল রানার গোলে শিরোপা নিশ্চিত হয়ে যায় কিংসের। ‘ছোট’ সোহেলের কাছ থেকে বল পেয়ে বক্সের সামনে থেকে বা পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন ‘বড়’ সোহেল।

গতকাল আরামবাগ ক্রীড়া সংঘকে ২-০ গোলে হারিয়েছে পুলিশ এফসি। ফকিরেরপুল ইয়ংমেন্সের বিপক্ষে ১-০ গোলে জিতেছে পিডব্লিউডি। ব্রাদার্স ইউনিয়নকে মুর্শেদ আলি ও পা ওমার বাবুর নৈপুণ্যে ২-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসি।

ফর্টিসের জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানের লড়াই জমে উঠেছে। তাদেরও এখন আবাহনীর সমান ৩৪ পয়েন্ট।

২০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে মোহামেডান। পঞ্চম স্থানে রহমতগঞ্জের পয়েন্ট ২২। ২৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে পুলিশ এফসি। ১৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা ফকিরেরপুলের অবনমন নিশ্চিত। ১৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে থাকা আরামবাগ আছে অবনমনের সবচেয়ে বেশি ঝুঁকিতে। অবনমনের ঝুঁকিতে আছে ১৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে থাকা পিডব্লিউডিও।