রংপুর রাইডার্সের বামহাতি অর্থোডক্স স্পিনার খুশদিল শাহ ও ডানহাতি অর্থোডক্স স্পিনার ইফতিখার আহমেদের ঘূর্ণিতে বেসামাল ফরচুন বরিশাল গুটিয়ে যায় ১২৪ রানে। খুশদিল শাহ ১৮ রানে ৩টি ও ইফতিখার ১০ রানে ২টি উইকেট নেন। এই রান তাড়া করতে নেমে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় রংপুর। ৩০ বল হাতে রেখে জিতেছে নুরুল হাসান সোহানের দল।

দলীয় ৪৩ রানের মধ্যে নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় ও তামিম ইকবাল সাজঘরে ফিরে গেলে চাপে পড়ে বরিশাল। এই তিনজনকে আউট করেন যথাক্রমে মেহেদী হাসান, আকিফ জাভেদ ও নাহিদ রানা। এরপর দুই পাকিস্তানি স্পিনার ইফতিখার ও খুশদিল দুর্দান্ত বোলিংয়ে বরিশালের ৫ উইকেট শিকার করেন। নাহিদ রানা মাঝে সাজঘরে ফেরান ইন-ফর্ম মাহমুদউল্লাহকে।

বিপর্যয়ের দিন তামিমেম ১৮ বলে খেলা ২৮ রানই বরিশালের সর্বোচ্চ। এছাড়া মোহাম্মদ নবি ১৯ বলে ২১ ও মুশফিক ১৭ বলে ১৫ রান করেন। এরপর সাইফ হাসান (৪৬ বলে ৬২) ও অ্যালেক্স হেলসের (৪১ বলে ৪৯) ব্যাটে ভর করে বড় জয় তুলে নেয় রংপুর। অভিষিক্ত আজিজুল হাকিম ও তৌফিক খান উভয়ই শূন্য রানে সাজঘরে ফিরে যাওয়ার পর আর কোনো উইকেটের পতন হতে দেননি হেলস ও সাইফ। দুজন ৮১ বলে ১১৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

তিন ম্যাচের সবগুলো জিতে টেবিলের শীর্ষে অবস্থান করছে রংপুর রাইডার্স।