জাতীয় ফুটবল দলের জন্য নতুন কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নতুন কোচ স্পেনের হাভিয়ের কাবরেরা। আজ শনিবার জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে নতুন কোচের নাম ঘোষণা করেন কমিটির সভাপতি ও বাফুফে সহ সভাপতি কাজী নাবিল আহমেদ। ৩৭ বছর বয়সী হাভিয়েরের সঙ্গে বাফুফের চুক্তি ১১ মাসের।

তিনি বাংলাদেশের ২৩তম বিদেশি কোচ আর স্প্যানিশ হিসেবে তৃতীয়। জাতীয় দলের কোচ হিসেবে বাংলাদেশই প্রথম। সর্বশেষ স্প্যানিশ লা লিগার ক্লাব আল-আলাভেসের অ্যাকাডেমির দায়িত্বে ছিলেন উয়েফা ‘প্রো লাইসেন্সধারী’ এই কোচ। সেখানে ২০২০ সালের অক্টোবর থেকে কোচের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

নতুন কোচের অধীনে ইন্দোনেশিয়ায় দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ২৪ ও ২৭ জানুয়ারি ।