ভারতের ২২ বছর বয়সী ব্যাটার জশস্বী জয়সাল বিশাখাপত্তনমে ঠিক আগের টেস্টেই খেলেছেন ২০৯ রানের ইনিংস। এবার রাজকোটেও হাসল তার ব্যাট। দ্বিতীয় ইনিংসে আজ চতুর্থ দিন ২৩৬ বলে করেছেন ২১৪ রানের অবিশ্বাস্য এক ইনিংস। তার ডাবলে ভর দিয়েই ইংল্যান্ডকে ৫৫৭ রানের বিশাল টার্গেট দিয়েছে ভারত।

 

১৪টি চার ও ১২ ছক্কার সাহায্যে দুশোর্ধ্ব ইনিংস খেলার মধ্য দিয়ে একগুচ্ছ রেকর্ডের অধিকারী হয়েছেন জয়সাল। তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে টেস্টে দুটি ডাবল সেঞ্চুরি তার নামের পাশে। ইনিংসে ১২টি ছক্কা মেরেছেন তিনি, যা যুগ্মভাবে টেস্টের রেকর্ড। ১৯৯৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২৫৭ রানের ইনিংস খেলার সময় ১২টি ছক্কা মেরে রেকর্ড গড়েছিলেন পাকিস্তানের ওয়াসিম আকরাম। ২৮ বছর পর সেই রেকর্ডটা ছুঁয়ে ফেললেন জয়সাল।

 

প্রথম ইনিংসে ভারতের করা ৪৪৫ রানের জবাবে ইংল্যান্ড ৩১৯ রানে গুটিয়ে যায়। এরপর জয়সাল বীরত্বে ভারত ৪ উইকেটে ৪৩০ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। এতে ইংল্যান্ড পড়ে বিশাল টার্গেটের সামনে। জয়সাল ছাড়াও শুভমান গিল ৯১ ও অভিষিক্ত সরফরাজ খান ৬৮ রান করেন। জয়সাল ও সরফরাজ খান ষষ্ঠ উইকেট জুটিতে ১৫৮ বলে ১৭২ রান তুলে রাজকোটের দর্শকদের দিয়েছেন নিখাঁদ বিনোদন। সরফরাজ ৭২ বলে ৬ বাউন্ডারি ও ৩ ছক্কায় করেন ৬৮ রান। তিনি প্রথম ইনিংসে করেন ৬৬ বলে ৬২ রান।

 

এরপর রবীন্দ্র জাদেজা ও জশপ্রীত বুমরাহর আঘাতে ২৮ রানে ৪ উইকেট হারিয়ে বসে ইংলিশরা। তারা এখন বড় হারের মুখে। পাঁচ টেস্টের সিরিজ এখন ১-১-এ সমতায়। ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পথে ভারত।