মিরপুরে
টানা দুই ওয়ানডে ম্যাচে হেরে যাওয়া ভারত আজ চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে
ম্যাচে দুরন্ত ব্যাটিং প্রদর্শনী দেখায়। ইষান কিষাণের ডাবল সেঞ্চুরিতে ভর করে
পাহাড়সম স্কোরের পথে ভারত। ওয়ানডে ক্রিকেটের নবম ও চতুর্থ ভারতীয় হিসেবে ডাবল
সেঞ্চুরি করেছেন ইষান। তিনি মাত্র ১২৬ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন।
এরপর বিরাট কোহলিও সেঞ্চুরি করেন। ৯১ বলে ১১৩ রান করেন তিনি। কিষাণের ডাবল ও বিরাটের সেঞ্চুরিতে ভর করে ৫০ ওভারে ৮ উইকেটে ৪০৯ রান তোলে ভারত। এটা ওয়ানডে ক্রিকেটের চতুর্থ সর্বোচ্চ দলগত সংগ্রহ, আর বাংলাদেশের বিপক্ষে যেকোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। বাংলাদেশের বিপক্ষে আগে সর্বোচ্চ ৩৯১ রান করেছিল ইংল্যান্ড।
কিষাণের
আগে ভারতের রোহিত শর্মা, বিরেন্দর শেবাগ ও শচীন টেন্ডুলকার ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেন। এর
মধ্যে বর্তমান অধিনায়ক রোহিত শর্মা একাই করেছেন তিনটি ডাবল। ওয়ানডের ইতিহাসে
সর্বোচ্চ ২৬৪ রানের ইনিংস খেলার গৌরব দেখিয়েছেন রোহিত। ২০১৪ সালে শ্রীলংকার
বিপক্ষে ১৭৩ বলে ২৬৪ রান করেন। এছাড়া ২০৮ ও ২০৯ রানের ইনিংস রয়েছে তার। শচীন ২০০ ও
শেবাগ ২০৯ রান করেছেন।
এছাড়া ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, ওয়েস্ট
ইন্ডিজের ক্রিস গেইল ও পাকিস্তানের ফখর জামান।
ডাবল সেঞ্চুরি পূর্ণ করার পর অবশ্য খুব বেশি সময় টিকতে পারেননি ইষান। ২১০
রানের সময় তাসকিন আহমেদের বলে লিটন দাসকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। তখন দলের
সংগ্রহ ছিল ৩৫.৫ ওভারশেষে ৩০৫/২। ইনিংসে ২৪টি চার ও ১০টি ছক্কা মারেন ইষান।










