আয়ারল্যান্ডের কাছে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে হেরে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিলেটে আজ সোমবার স্বাগতিকদের ৪ উইকেটে হারায় আইরিশ নারীরা। আগে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১২৩ রান তোলে বাংলাদেশ। জবাবে এক বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সফরকারী দল।
এর আগে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এবার টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে প্রতিশোধ নিল ইউরোপের দলটি।
সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ শেষ ওভারে জিততে ১৫ রানের প্রয়োজন ছিল আয়ারল্যান্ডের। স্বর্ণা আক্তারের করা প্রথম বল থেকে দুই রান নিতে গিয়ে রানআউট হয়ে যান আরলিন কেলি। বাকি ৫ বল থেকে প্রয়োজন পড়ে ১৪ রান। দ্বিতীয় বলে দুই রান ও পরের তিন বলে টানা বাউন্ডারি হাঁকিয়ে আয়ারল্যান্ডের জয় নিশ্চিত করেন লরা ডিলানি!
৩১ বলে ৪ বাউন্ডারিতে ৩৬ রানের হার না মানা ইনিংস খেলে ডিলানি জেতান আয়ারল্যান্ডকে। এছাড়া এমি হান্টার ২৪ বলে ২৮, অধিনায়ক গ্যাবি লুইস ২৪ বলে ২১ ও রেবেকা স্টোকেল ২২ বলে ১৯ রান করেন। বাংলাদেশের রাবেয়া খান ১৭ রানে ২টি উইকেট নেন।
এর আগে সোবহানা মোস্তারি ৪৩ বলে ৪৫ রান করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। শারমিন আক্তার ৩৩ বলে ৩৪ রান করেন। দলের ছয় ব্যাটার দুই অঙ্কে পৌঁছতে পারেননি। আয়ারল্যান্ডের মিডিয়াম পেসার ওরলা প্রেন্ডারগাস্ট ৪টি ও স্পিনার এইমি মাগুইয়ার ২টি উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন ডিলানি।
দুই দলের মধ্যকার তিনটি টি-টোয়েন্টি সিরিজে দুবার জিতল আয়ারল্যান্ড। ১৪ ম্যাচের মুখোমুখিতে বাংলাদেশ ৮টি ও আয়ারল্যান্ড ৬টি জিতেছে।










