ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি২০ লিগগুলো বিশ্বব্যাপী প্রচার-প্রসারের লক্ষ্যে অনেক আগে থেকেই সম্প্রচার মিডিয়ার সঙ্গে চুক্তির চেষ্টায় বারবার ব্যর্থ হচ্ছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। তবে জানসি সুপার লিগ ও গ্লোবাল টি২০ লিগ ভারতের বাজারে সম্প্রচারবিষয়ক চুক্তি আলোর মুখ দেখছে। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সিএসএ ভারতীয় মিডিয়া কোম্পানি ভিয়াকম১৮-এর সঙ্গে একটি অপ্রকাশিত অংকের বিনিময়ে ভারতের বাজারে আগামী ১০ বছর দক্ষিণ আফ্রিকান টি২০ লিগ যৌথভাবে সম্প্রচার সংক্রান্ত চুক্তি সম্পন্ন করেছে।
দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড ভারতীয় সম্প্রচার মিডিয়ার সঙ্গে চুক্তিটি করেছে যাতে চুক্তিকালীন (১০ বছর) অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকার দ্বিপক্ষীয় ম্যাচগুলোও সম্প্রচার করা যায়। চুক্তিটি সিএসএ কর্তৃপক্ষের দাবি করা ১০ কোটি ডলারের তুলনায় কম মূল্যে সম্পাদন হয়েছে, এমন তথ্য দিচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম। তবে এ চুক্তিকে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের জন্য গেম-চেঞ্জিং হিসেবে মনে করছেন অনেকে। ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, আগামী পাঁচ বছরের প্রাথমিক পূর্বানুমান অনুযায়ী দক্ষিণ আফ্রিকান টি২০ লিগ প্রথম বছরেই লাভের মুখ দেখবে।
দক্ষিণ আফ্রিকায় টুর্নামেন্টগুলো সম্প্রচার করবে দেশটির টিভি চ্যানেল সুপারস্পোর্ট।










