কোলন টিউমারের চিকিৎসা নিতে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তী ফুটবলার এদসন আরান্তেস নসিমেন্তো দো পেলে। তবে তার শারীরিক অবস্থা ভালো ও স্থিতিশীল আছে বলে জানিয়েছেন চিকিত্সকরা। আগামী কয়েক দিনের মধ্যে তাকে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছে সাও পাওলোর হসপিটাল ইসরায়েলিতা আলবার্ট আইনস্টাইন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাসপাতাল বিষয়টি জানিয়েছে। খবর মার্কা।
গত সেপ্টেম্বরের শুরুতে বৃহদান্ত্রে টিউমার ধরা পড়ে পেলের। পরে অস্ত্রোপচার করা হয়। প্রায় এক মাস হাসপাতালে থাকার পর অক্টোবরের শুরুতে বাড়ি ফেরেন তিনি। এরপর থেকে নিয়মিত কেমোথেরাপি চলছে তার। তারই ধারাবাহিকতায় এবারো কেমোথেরাপি নিতে হাসপাতালে ভর্তি হন পেলে। বৃহদান্ত্রে টিউমার ধরা পড়ার পর মূত্রনালীরও সংক্রমণ ধরা পড়ে তিনটি বিশ্বকাপ জয়ী তারকার। গত ১৩ ফেব্রুয়ারি কেমোথেরাপি নিতে ফের হাসপাতালে ভর্তি হন পেলে। সেই দফায় চিকিত্সা শেষে ২৬ ফেব্রুয়ারি বাড়ি ফেরেন ফুটবল কিংবদন্তী।










