টাকা না পাওয়া আজ বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে আসেননি দুর্বার রাজশাহীর বিদেশি খেলোয়াড়রা। ফলে স্থানীয় ক্রিকেটারদের নিয়েই একাদশ গড়তে বাধ্য হয় তারা। এই একাদশ নিয়েই রাজশাহী হারিয়ে দিল এবারের আসরে এখন পর্যন্ত সেরা দল রংপুরকে! আজ রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১১৯ রানের পুঁজি নিয়েও রাজশাহী জিতেছে ২ রানের ব্যবধানে।

ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৯ উইকেটে ১১৯ রানের ছোট্ট পুঁজি গড়ে তাসকিন আহমেদের দল। খুশদিল শাহ তিনটি এবং রাকিবুল হাসান ও সাইফউদ্দিন আহমেদ দুটি করে উইকেট নেন। পরে মৃত্যুঞ্জয় চৌধুরী (৪/১৮), তাসকিন আহমেদ (২/২৫) ও মোহর শেখের (২/১৫) দুর্দান্ত বোলিংয়ের মুখে ৪৯ রানে ৭ উইকেট হারিয়ে বসে রংপুর।

সেখান থেকেও ফেরা যায়! শেষ পর্যন্ত লড়ে গেলেন সাইফউদ্দিন (৩১ বলে ৫২*) ও রাকিবুল (২২ বলে ২০)। শেষ ওভারে ২৫ রানের প্রয়োজন ছিল রংপুরের। জিশান আলমের করা ওভারে প্রথম দুই ছক্কার পর দুটি বল ডট। ফলে শেষ দুই বলে প্রয়োজন পড়ে ১৩ রান। সাইফউদ্দিন শেষ দুই বল থেকে ১০ রান নিলে ২ রানে হেরে যায় রংপুর।

এটা রাজশাহীর টানা দ্বিতীয় জয়। এই জয়ের পর ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে প্লে-অফে খেলার আশা বাঁচিয়ে রাখল তাসকিনের দল। তারা আছে চতুর্থ স্থানে। ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তাদের পরেই খুলনা টাইগার্স। সোমবার নিজেদের শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে রাজশাহী। এদিন দুপুরের ম্যাচে খুলনার প্রতিপক্ষ বরিশাল।