সুপার ফোরের দেখায় ভারতের কাছে ৮ উইকেটে হেরে যায় বাংলাদেশ। এর পরও সুমাইয়া আক্তারের দলের আশা ছিল, ফাইনালে ভারতকে হারাবে তারা। যদিও সেই আশা অপূর্ণই থাকল। গতকাল কুয়ালালামপুরে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের প্রথম আসরের ফাইনালে ভারতের কাছে ৪১ রানে হেরেছে বাংলাদেশ।

আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১১৭ রান তুলতে সমর্থ হয় ভারতের মেয়েরা। এ রান তাড়া করতে নেমে ১৮.৩ ওভারে ৭৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশের কিশোরীরা।

পেসার ফারজানা ইয়াসমিন ৩১ রানে ৪টি ও নিশিতা আক্তার নিশি ২৩ রানে ২টি উইকেট নিয়ে বিপদে ফেলে দিয়েছিলেন ভারতকে। যদিও ওপেনার গঙ্গাদি তৃশার ফিফটিতে ভর করে ভারত পেয়ে যায় লড়াইয়ের পুঁজি। তৃশা ৪৭ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫২ রান করেন। মিথিলা ভিনোদ দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করেন ১২ বলের মোকাবেলায়।

রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ৭৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ভারতের আয়ুশি শুক্লা ১৭ রানে ৩টি, পারুনিকা সিসোদিয়া ১২ রানে ২টি ও সোনম যাদব ১৩ রানে ২টি উইকেট নেন।