আজ থেকে শুরু হয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি। আগামীকাল মাওলানা ভাসানী স্টেডিয়ামে বাংলাদেশ হকি দল নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী ভারতের। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে। দিনের আরেক ম্যাচে লড়বে দক্ষিণ কোরিয়া ও জাপান। স্টার স্পোর্টসের মাধ্যমে ৭৫টি দেশে এই খেলা সম্প্রচার হলেও বাংলাদেশের কোনো টিভি চ্যানেল খেলাটি দেখাবে না। বাংলাদেশের দর্শকদের জন্য গ্যালারি থাকছে উন্মুক্ত। কোনো টিকিট ছাড়াই খেলা দেখার সুযোগ পাবেন দর্শক।
২০১৭ তে এশিয়া কাপ হকি আয়োজন করে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির পথটা তৈরি করে বাংলাদেশ। তবে এই টুর্নামেন্ট নিজেদের মাঠে আয়োজন করা নিয়ে বাংলাদেশ হকি ফেডারেশনকে দারুণ ঝক্কি পোহাতে হয়। করোনার কারণে গত বছরের নভেম্বর, চলতি বছরের মার্চ ও অক্টোবরে হওয়ার কথা ছিল টুর্নামেন্টটি। তিন দফা পিছিয়ে শেষ পর্যন্ত ডিসেম্বরে আয়োজনের সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও জাপানকে নিয়ে শুরু হয়েছে এবারের টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফি হকির এটি ষষ্ঠ আসর হলেও বাংলাদেশের জন্য আয়োজক হিসেবে যেমন প্রথম, অংশগ্রহণও তেমন প্রথম। ভারত হকি র্যাঙ্কিংয়ে ৩ নম্বর দল। দক্ষিণ কোরিয়া, জাপান ও পাকিস্তানের র্যাঙ্কিং যথাক্রমে ১৬, ১৭ ও ১৮। সেখানে বাংলাদেশের অবস্থান ৩৮তম। মূলত আত্মবিশ্বাস কমে যাওয়ার জায়গাটা এখানেই।
সব দলই শক্তিতে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। এই দলগুলোর বিপক্ষে জয় তো দুরের কথা ড্র করতে পারলেও সেটি হবে আনন্দের উপলক্ষ। বড় প্রাপ্তি। বাংলাদেশ অধিনায়ক আশরাফুল ইসলাম সেই বাস্তবতা মেনেও নিয়েছেন। অধিনায়ক আশরাফুলের কাছে এই টুর্নামেন্টটি অভিজ্ঞতা অর্জনের। তিনি বলেন, অনেক বড় একটা প্রতিযোগিতা। আমরা সামর্থ্যের সেরাটা দেয়ার লক্ষ্য নিয়ে খেলব। এশিয়ার সেরা দলগুলো এসেছে, তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।
বাংলাদেশ দলের প্রধান কোচ গোবিনাথ কৃষ্ণমূর্তি বলেন, আমি মাত্র ১০ দিন কাজ করেছি। ১৪ মাস দল কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতা খেলেনি। এখানে যে দলগুলো এসেছে তারা আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে। তাই আমাদের কাজটা বেশ কঠিন। তবে এটি নিশ্চিত আমাদের দল ও খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিবে।
২০ সদস্যের এই দলে আছেন- বিপ্লব কুজুর, আবু সাঈদ নিপুণ, রেজাউল করিম বাবু, আশরাফুল ইসলাম (অধিনায়ক), খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ সিতুল, মো. মেহেদী হাসান, শফিকুল আলম শিশির, সরোয়ার মোর্শেদ সোয়ান, রোমান সরকার, সোহানুর রহমান সবুজ (সহ-অধিনায়ক), সরোয়ার হোসাইন, ফজলে হোসেন রাব্বি, প্রিন্স লাল সামুন্দো, নাঈম উদ্দিন, রাসেল মাহমুদ জিমি, পুষ্কর খিশা মিমো, মো. আরশাদ হোসেন, রাকিবুল হাসান রকি ও দ্বীন ইসলাম ইমন।










