পাঁচ টেস্টের সিরিজে প্রথম দুই ম্যাচ শেষে ১-১-এ সমতা। পার্থে প্রথম টেস্ট জিতে নেয় ভারত, অ্যাডিলেডে গোলাপী বলের দ্বিতীয় টেস্টটা জিতেছে অস্ট্রেলিয়া। ব্রিসবেনে দুই দলের চোখেই এখন লিড নেয়ার স্বপ্ন। এমন টেস্টে জমজমাট লড়াই হওয়ার কথা। যদিও এই টেস্টের প্রথম দিনটা ভেস্তে দিল বৃষ্টি। আজ শনিবার মাত্র ১৩.২ ওভারের খেলা মাঠে গড়াতে পেরেছে। এটুকু খেলায় বিনা উইকেটে ২৮ রান তুলেছে অস্ট্রেলিয়া। উসমান খাজা ১৯ ও নাথান ম্যাকসুইনি ৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
সকালে ৫.৩ ওভার খেলা হওয়ার পর বৃষ্টি নামে। বৃষ্টি থামলে খেলা ফের শুরু হলেও ১৩.২ ওভারের সময় আবারো বৃষ্টির হানা। মধ্যাহ্ন ভোজ ও চা বিরতিও হয়ে যায়, বৃষ্টির আর থামার লক্ষণ নেই। অবশেষে স্থানীয় সময় বেলা চারটার দিকে প্রথম দিনের খেলার সমাপ্তি টানেন আম্পায়াররা।
প্রথম দিন বৃষ্টিতে খেলা পণ্ড হওয়ায় রোববার দ্বিতীয় দিন ৯৮ ওভারের খেলা হবে যদি আবহাওয়া বাগড়া না দেয়। আজ প্রথম দিন দর্শকরা টিকিটের টাকাও ফেরত পাবেন। ১৫ ওভারের কম খেলা হলে টিকিটের টাকা ফেরত দেয়ার নিয়ম রয়েছে।










