আগামী বছরের শুরুর দিকে পাকিস্তানে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অচলাবস্থার সৃষ্টি হয়। পাকিস্তানের ওই আসরে খেলতে যাবে না ভারতীয় ক্রিকেট দল। এ নিয়ে দীর্ঘ দরকষাকষির পর অবশেষে ‘হাইব্রিড’ মডেলে আসরটি আয়োজনে রাজি হয় পাকিস্তান। গত সপ্তাহেই এ ব্যাপারে দুই দেশের বোর্ড নীতিগতভাবে সম্মত হয়। আজ আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়।

ভারতীয় ক্রিকেট দল তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। বাকি ম্যাচগুলো হবে পাকিস্তানে।

এখানেই শেষ নয়। ২০২৭ সাল পর্যন্ত ভারতে যত আইসিসি ইভেন্ট অনুষ্ঠিত হবে তার কোনোটিতেই ভারতের মাঠে খেলবে না পাকিস্তান ক্রিকেট দল। তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের বিষয়টি অনুমোদন করেছে আইসিসি।

২০২৫ সালে ভারতের মাটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৬ সালে ভারত ও শ্রীলংকায় বসবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর।

২০২৮ সালের আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পেয়েছে পাকিস্তান। তখনো ভারতের জন্য নিরপক্ষে ভেন্যুর আয়োজন থাকবে। ক্রিকেট অস্ট্রেলিয়াকে ২০২৯ থেকে ২০৩১ সালের মধ্যে আইসিসির বড় কোনো ইভেন্ট আয়োজনের স্বত্ব দেয়া হবে।

আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে—আগামী কয়েকদিনের মধ্যেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করা হবে।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি আসরে অংশ নেবে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড।