মঙ্গোলিয়ার বিপক্ষে আক্রমণের পসরা সাজিয়েও কাঙ্ক্ষিত গোল না পাওয়ায় জয়ের দেখাও পায়নি বাংলাদেশ ফুটবল দল। আজ সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ-মঙ্গোলিয়ার মধ্যকার ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের সুবর্ণ সুযোগ পায় স্বাগতিকরা। কিন্তু মোহাম্মদ ইব্রাহিমের পাস ধরে বাঁ দিক দিয়ে আক্রমণে যাওয়া রাকিব আড়াআড়ি ক্রস বাড়ান গোলমুখে। গোলকিপারের গ্লাভস গলে বল বেরিয়ে গেলেও ঠিক পজিশনে থাকতে না পারা সুমন রেজা পা ছোঁয়াতে পারেননি।

চতুর্থ মিনিটে মাঠে একটি কুকুর ঢুকে পড়লে খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। মিনিট চারেক পর ফের শুরু হয় খেলা। ১০ মিনিটে প্রথম কর্নার পায় বাংলাদেশ। কিন্তু জামালের কর্নার লাফিয়ে উঠেও হেড করতে পারেননি ইয়াসিন আরাফাত। পাঁচ মিনিট পর দুজনকে কাটিয়ে ইয়াসিন নিখুঁত থ্রু পাস বাড়ান বক্সে। অফসাইডের ফাঁদ ভেঙে বক্সে ঢুকে ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে সুযোগ নষ্ট করেন ইব্রাহিম। ৪১ মিনিটে ভালো সুযোগ নষ্ট করে বাংলাদেশ। সোহেল রানা পাস নিয়ন্ত্রণে নিয়ে বক্সের ওপর থেকে শরীর ঘুরিয়ে শট নেন সুমন। বল গোলকিপারকে ফাঁকি দিয়ে ক্রসবার কাঁপিয়ে ফিরে আসে।

আক্রমণের পর আক্রমণে দিশেহারা হয়ে পড়ে অতিথিরা। কিন্তু তাদের রক্ষণদেয়াল ছিল ইস্পাতের ন্যায়। ফলে বার বার হতাশ হতে হয় জামাল ভূঁইয়াদের। বিপরীতে মঙ্গোলিয়া স্বাগতিক গোলকিপার আনিসুর রহমান জিকোর পরীক্ষা নিতেই পারেনি।

২০০১ সালে সৌদি আরবে মঙ্গোলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে একটিতে ৩-০ গোলে জয়লাভ করে বাংলাদেশ, আরেকটি ম্যাচ ড্র হয় ২-২ গোলে।