ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড করপোরেট অ্যামেচার ক্রিকেটের টি-ফরটি ফরম্যাটে সেমিফাইনালে উঠেছে সেনা কল্যাণ সংস্থা ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।

আজ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ বিমানবাহিনীকে ৬ উইকেটে হারিয়েছে সেনা কল্যাণ সংস্থা। সেমিফাইনালে নাম লেখানোর আরেক ম্যাচে ব্র্যাক ব্যাংক লিমিটেড ১৩৩ রানে সিপিপিকে হারিয়েছে।

বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নামা বিমানবাহিনী ৩৫.৫ ওভারে ১২৮ রান তুলে অলআউট হয়। সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেছেন আল আমিন সরকার। মোহাম্মদ জুলফিকুর করেছেন ১৯ রান। রাহান আহমেদ শফিন ১৯ রানে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দেন। আবু নাসের ইবনে শহীদ ৯ রানে ৩ উইকেট নিয়েছেন। জবাবে ২০.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে সেনা কল্যাণ সংস্থা। আসাব উদ দৌলা হিরা অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলেছেন। মারুফ হোসেন করেন ৩৪ রান। বিধ্বংসী বোলিং করা শফিন ম্যাচসেরা হয়েছেন।

আরেক ম্যাচে টস জিতে ব্যাট করতে নামা ব্র্যাক ব্যাংক আলাউদ্দিন মনার ৭৭, শুভলাভ দত্ত চৌধুরীর ৫৬ ও নূর আলমের ৪৭ রানের ওপর ভর করে ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭০ রানের বড় সংগ্রহ গড়ে। সিপিপির মাহামিদ রহমান ও আসাদউজ্জামান সুজন ৩টি করে উইকেট নিয়েছেন। ব্র্যাক ব্যাংকের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩৬.২ ওভারে ১৩৭ রানে অলআউট হয়ে যায় সিপিপি। কামরুল হাসান সর্বোচ্চ ৪০ রান করেন। আসিফ খৈয়াম খান ১৬ রানে ৩ এবং শেখ আবু সাঈদ ২৯ রানে ২ উইকেট নিয়েছেন। আলাউদ্দিন মনা ম্যাচসেরার স্বীকৃতি পেয়েছেন।

এদিকে, শুক্রবার লিগ ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ৭২ রানে বাংলাদেশ নৌবাহিনীকে হারিয়েছে। সেনা কল্যাণ সংস্থাকে ৮ উইকেটে হারিয়েছে ব্র্যাক ব্যাংক। ক্যাডেট একাদশ ৯৫ রানে অলস্টারকে হারিয়েছে।