দুই ওপেনারের বিদায়ে শুরুতে চাপে পড়ল বাংলাদেশ। লিটলের করা প্রথম ওভারেই সাজঘরের পথ ধরেছেন লিটন। সেটাও আবার গোল্ডেন ডাক (১ বলে ০)। এলবিডব্লিউ হয়ে ফিরেছেন লিটন। লিটন রানের খাতা খুলতে না পারলেও আরেক ওপেনার তামিম ইকবাল আগ্রাসী মনোভাব ধরেই খেলতে থাকেন। যদিও বেশিক্ষণ স্থায়ী হয়নি তার প্রতিরোধ।
চতুর্থ ওভারে অ্যাডায়ারের অনেক বাইরের বলে ব্যাট চালিয়ে বিপদ ডেকে আনেন। আইরিশ শিবির নিশ্চিত ছিল বলটা তামিমের ব্যাট ছুঁয়ে কিপারের গ্লাভসে জমা পড়েছে। তার পর রিভিউ নিয়েই সাফল্য পায় তারা। তামিম অবশ্য মাথা নেড়ে অবিশ্বাসের ভঙ্গিতে মাঠ ছেড়েছেন। ফেরার আগে ১৯ বলে দুই চারে ১৪ রান করেছেন তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ৪৫। সাকিব ১৫ আর নাজমুল হোসেন শান্ত ১২ রানে অপরাজিত আছেন।
এর আগে চেমসফোর্ডের এসেক্স কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবিরনি। এ দিন তিন পেসার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। তবে, টাইগার একাদশে জায়গা পাননি পেসার মোস্তাফিজুর রহমান। তার পরিবর্তে দলে নেয়া হয়েছে শরিফুল ইসলামকে।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেন এবং তাইজুল ইসলাম।
আয়ারল্যান্ড একাদশ : পল স্টার্লিং, স্টিফেন দোহানি, অ্যান্ড্রু বালবিরনি (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, মার্ক অ্যাডেয়ার, গ্রাহাম হিউম এবং জস লিটল।










