আগামীকাল থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের আদি দ্বৈরথ ‘অ্যাশেজ’। আগামীকাল থেকে ব্রিসবেনে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি।

কিন্তু প্রথম টেস্টে ইংল্যান্ডের একাদশে রাখা হচ্ছে না অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনকে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, অ্যান্ডারসন একদমই ফিট আছেন। বিষয়টি এমন নয় যে, ইনজুরির কারণে তাকে প্রথম টেস্টে খেলানো হচ্ছে না। মূলত, এটি ম্যানেজমেন্টের পরিকল্পনার একটি অংশ।

আগামী সপ্তাহে অ্যাডিলেডে দিবা-রাত্রি টেস্টের জন্য অ্যান্ডারসনকে গুরুত্ব দেয়া হচ্ছে। দ্বিতীয় টেস্টের জন্য এই অভিজ্ঞ সিমারকে প্রস্তুত করা হচ্ছে।

ইসিবি জানায়, পরের টেস্টের জন্য প্রস্তুত হতে যাওয়া অ্যান্ডারসন একদম ফুরফুরে মেজাজে আছেন। সে গতকাল প্রায় এক ঘন্টা পুরো ছন্দে বল করেছে। আজো অনুশীলনে তা করবে।

সাদা পোশাকে ৬৩২ উইকেটে ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ শিকারি অ্যান্ডারসন। তার অনুপস্থিতিতে মার্ক উডের পেস-সঙ্গী হতে পারেন ক্রিস ওকস ও অলি রবিনসন। একাদশে স্পিনার থাকতে পারেন জ্যাক লিচ। স্বেচ্ছা নির্বাসন শেষে এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় আছেন বেন স্টোকস।