নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ডকে ৯ বছরের জন্য নতুন চুক্তিতে বেঁধে ফেলল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। এই ৯ বছরে তিনি অন্তত ১০০ কোটি ডলার আয় করবেন, এমন ইঙ্গিত দিয়েছেন তার এজেন্ট।

২০২২ সালে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানসিটিতে নাম লেখান হালান্ড। সেই থেকে ১২৬ ম্যাচে ১১১ গোল করেছেন তিনি। প্রথম মৌসুমেই প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি দলকে জিতিয়েছেন লিগ শিরোপা। তার প্রথম মৌসুমে চ্যাম্পিয়নস লিগসহ ট্রেবল শিরোপা জয় করে ম্যানসিটি। পরের মৌসুমেও লিগ শিরোপার স্বাদ পেয়েছেন সিটির হয়ে।

এই ‘কিলার’ স্ট্রাইকারকে দীর্ঘ সময়ের জন্য চুক্তিবদ্ধ করা নিয়ে দ্বিতীয়বার ভাবতে হয়নি ম্যানসিটিকে। আজ শুক্রবার সিটির সঙ্গে নতুন চুক্তিপত্রে সই করেন হালান্ড।

গত কয়েক মাস ধরে গুঞ্জন ছিল যে, বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদের মতো বড় কোনো ক্লাবে নাম লেখাতে পারেন হালান্ড। যদিও সিটির সঙ্গে তার ৯ বছরের দীর্ঘ চুক্তিতে সেই গুঞ্জনের অবসান হলো।

হালান্ডের চুক্তিটা ২০৩৪ সাল পর্যন্ত এবং এই চুক্তিটা সম্ভবত ফুটবল ইতিহাসের অন্যতম সেরা। চুক্তির মেয়াদ যখন পূর্ণ হবে তখন হালান্ডের বয়স হয়ে যাবে ৩৪ বছর। এই চুক্তিতে কোনো ‘এক্সিট ক্লজ’ রাখেনি ম্যানসিটি। আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সাল পর্যন্ত এবং তাতে রিলিজ ক্লজ অন্তর্ভুক্ত ছিল।

হালান্ড কত বেতন-ভাতা পাবেন, তা প্রকাশ করেনি ম্যানসিটি। যদিও তার এজেন্টের কথায় ইঙ্গিত রয়েছে যে, ৯ বছরে তিনি অন্তত ১০০ কোটি ডলার আয় করবেন। এজেন্ট রাফায়েলা পিমেন্তা খেলোয়াড়টিকে ২০২২ সালে ডর্টমুন্ড থেকে সিটিতে আনার কারিগর। তিনি বলেন, ‘টিকিট বিক্রি, টিভিস্বত্বসহ ক্যারিয়ারজুড়ে হালান্ড যে আয় করবেন, আমি মনে করি তা ১০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে।’

চুক্তি সইয়ের পর হালান্ড বলেছেন, ‘চুক্তি সই করে আমি অনেক আনন্দিত। আরো বহু বছর এই খ্যাতিমান ক্লাবটিতে থাকার সুযোগ তৈরি হলো বলে আমি খুশি। এটি বিশেষ এক ক্লাব, এর সঙ্গে যুক্ত প্রতেক্যেই অবিশ্বাস্য। আমি কোচ পেপ গার্দিওলা ও কোচিং স্টাফের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সমর্থকরাও অবিশ্বাস্য।’

ক্লাবের ফুটবল পরিচালক টিসিকি বেগিরিস্তান বলেন, ‘হালান্ড যে এত লম্বা সময়ের জন্য চুক্তিতে সই করল, সেটি তার প্রতি আমাদের অঙ্গীকার এবং ক্লাবটির প্রতি তার ভালোবাসার কথাই বলে দেয়।’