ফরাসি লিগ ওয়ান জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এবার চোখ দিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগেও। পিএসজির মালিক প্রতিষ্ঠান কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট (কিউএসআই) প্রিমিয়ার লিগের কোনো ক্লাবে শেয়ার কেনা যায় কিনা, সেই সম্ভাব্যতা খতিয়ে দেখছে।
গত সপ্তাহে টটেনহাম চেয়ারম্যান ডেনিয়েল লেভির সঙ্গে বৈঠক করেন পিএসজির প্রেসিডেন্ট ও কিউএসআই চেয়ারম্যান নাসের আল-খেলাইফি। যদিও এ ক্লাবের কোনো শেয়ার কেনাবেচা নিয়ে সেদিন আলোচনা হয়নি।
ইংল্যান্ডের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক গ্লেজার পরিবার বলেছে, তারা নতুন বিনিয়োগকারী খুঁজছে, ভালো ক্রেতা পেলে ক্লাবটি বিক্রি করে দেবে। ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক জায়ান্ট লিভারপুলও নতুন শেয়ারহোল্ডার খুঁজছে।
তবে কোন ক্লাবটি বেছে নেবে পিএসজি? এই প্রশ্নের উত্তর এখনই মিলছে না। কিউএসআই এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট ক্লাবকে টার্গেট করেনি। এরই মধ্যে পর্তুগিজ ক্লাব ব্রাহার কিছু শেয়ার কিনেছে কিউএসআই। এবার তারা যুক্ত হতে চায় ইংলিশ প্রিমিয়ার লিগে।
ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ক্লাব পুরোপুরি কিনে নেয়ার পথে এখন হাঁটছে না কিউএসআই, কেননা সেক্ষেত্রে তাদের পিএসজি ক্লাবটি বিক্রি করতে হবে। ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থার নিয়মে রয়েছে, একাধিক ক্লাবের মালিকানা থাকা চলবে না। কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান একসঙ্গে ইউরোপের একাধিক ক্লাবের নিয়ন্ত্রণ রাখতে পারবে না।
এক্ষেত্রে ব্যতিক্রম হলো অস্ট্রিয়ার রেডবুল সলজবুর্গ ও জার্মানির আরবি লিপজিগ। দুটি দলের মালিকানায় রয়েছে এনার্জি ড্রিংক রেড বুল। তাদের মালিকানায় চলে অস্ট্রিয়ার রেড বুল সলজবুর্গ ও জার্মানির আরবি লিপজিগ। উয়েফা তাদের পর্যবেক্ষণে দেখেছে, এই দুটি ক্লাব, বিশেষ করে সলজবুর্গ স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে এবং একটির সঙ্গে অন্যটি দূরত্ব বজায় রেখেও চলে। ফলে উয়েফা সন্তুষ্ট হয়। তাদের বিশেষ অনুমতি সাপেক্ষে এই দুটি ক্লাব ২০১৭ সালে একত্রে চ্যাম্পিয়ন্স লিগেও খেলেছে।
আবার আমেরিকান বিনিয়োগ গ্রুপ রেডবার্ড ক্যাপিটাল গত বছর ইতালির সিরি-এ ক্লাব এসি মিলান কিনে নেয়। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের মালিক প্রতিষ্ঠান ফেনওয়ে স্পোর্টস গ্রুপেও তাদের শেয়ার রয়েছে।
কিউএসআই: ২০০৫ সালে গঠিত হয় কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টস, এর সদর দপ্তর দোহা। কিউএসআই যে রাজস্ব আয় করে তা আবার বিনিয়োগ করা হয় কাতারের ক্রীড়া, বিনোদনসহ নানা খাতে। কিউএসআই মূলত কাতারের অর্থ মন্ত্রণালয় ও কাতার অলিম্পিক কমিটির অন্তর্ভুক্ত। আবার কিউএসআই হলো কাতার ইনভেস্টমেন্ট অথরিটির (কিএআই) একটি সহায়ক প্রতিষ্ঠান।
২০২২ সালের ১০ অক্টোবর ৮ কোটি ইউরো মূল্যে পর্তুগিজ ক্লাব এসসি ব্রাহার ২১ দশমিক ৬৭ শতাংশ শেয়ার কিনে নেয় কিউএসআই।










