ইংলিশ প্রিমিয়ার লিগে এবার তিন দলের মধ্যে চলছে শিরোপার লড়াই। আর্সেনাল (২৮ ম্যাচে ৬৪), লিভারপুল (২৮ ম্যাচে ৬৪) ও ম্যানসিটি (২৮ ম্যাচে ৬৩) রয়েছে টেবিলের তিনটি শীর্ষস্থানে। ইতিহাদ স্টেডিয়ামে আজ এক ও তিনের লড়াই। শীর্ষ দল আর্সেনালকে ঘরের মাঠে আতিথ্য দেবে টেবিলের তিন নম্বর দল ম্যানসিটি। 

আজ লিভারপুল ঘরের মাঠে খেলবে ব্রাইটনের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। সিটি-আর্সেনাল লড়াই রাত ১০টা ৩০ মিনিটে। কাজেই নিজ ম্যাচে জিতলে লিভারপুল উঠে যাবে টেবিলের শীর্ষস্থানে। এরপর যদি সিটি-আর্সেনাল ড্র হয়, তবে লাভবান হবে লিভারপুল এবং তারা শীর্ষস্থানেই থাকবে। এছাড়া সিটি জিতলেও লিভারপুল এক নম্বরে থাকবে, আর আর্সেনাল জিতলে তারা শীর্ষস্থান পুনরুদ্ধার করবে। 

১০ বছরের মধ্যে এ প্রথম ২৮ ম্যাচ শেষে শীর্ষ তিন দলকে আলাদা করেছে মাত্র এক পয়েন্ট। এ মুহূর্তে প্রতিটি ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ। পা ফসকালেই সর্বনাশ। এ বাস্তবতায় আজকের ম্যাচ নিয়ে আর্সেনাল কোচ মিকেল আরতেতা বলেন, ‘এটা দুই দলের জন্যই বিরাট এক ম্যাচ। এ ম্যাচটি জিতলে আমরা মনস্তাত্ত্বিকভাবে অনেক এগিয়ে যাব। এর পরও অনেক ম্যাচ বাকি থাকবে।’

ম্যানসিটি টানা চতুর্থ লিগ শিরোপার জন্য খেলছে। লিগে সর্বশেষ ১৩ ম্যাচের মুখোমুখিতে ১২টি জিতেছে পেপ গার্দিওলার দল। তাদের একমাত্র হারটি এ মৌসুমের শুরুতে আর্সেনালের মাঠে।

টানা দ্বিতীয়বারের মতো ‘ট্রেবল’ জয়ের আশায় ম্যানসিটি। প্রিমিয়ার লিগ ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে তারা খেলবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে, এফএ কাপের সেমিতে তাদের প্রতিপক্ষ চেলসি। 

আরতেতা বলেন, ‘তারা (সিটি) বারটি এতটাই উঁচুতে নিয়ে গেছে, যা ফুটবলে আগে কখনো হয়নি। আপনাকে সেই গতির সঙ্গে পাল্লা দিয়ে লড়তে হবে এবং আমরা সেই চেষ্টাই করছি।’ 

ম্যানসিটি ও আর্সেনাল দ্বৈরথে ইতিহাদ সিটির কাছে এক দুর্গ। এ মাঠে ২০১৬ সালে ২-২ গোলে ড্রর পর থেকে টানা আট ম্যাচে আর্সেনালকে হারিয়েছে ম্যানসিটি। পেপ গার্দিওলার দল ঘরের মাঠে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচে অপরাজিত। এর মধ্যে জিতেছে ৩৩টি, ড্র হয়েছে পাঁচটি ম্যাচ। এছাড়া ইতিহাদে সর্বশেষ ৫৭ ম্যাচেই গোল করার দারুণ এক ক্লাব রেকর্ডও গড়েছে। যদিও আর্সেনালের প্রেরণা খোঁজার সুযোগও আছে। গত অক্টোবরে এমিরেটস স্টেডিয়ামে দুরন্ত ম্যানসিটিকে হারিয়ে তাদের ১২ ম্যাচের জয়রথের সমাপ্তি টানে আর্সেনালই। আজ চলতি লিগে দ্বিতীয়বারের মতো সিটিকে হারানোর সুযোগ গানারদের সামনে।