ইতিহাসের প্রথম ফুটবল ক্লাব হিসেবে এক বছরে একশ কোটি ইউরোরও বেশি আয় করার কৃতিত্ব দেখাল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রেকর্ড ১৫টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ আরো অসংখ্য শিরোপা জিতেছে। মাঠের পারফরম্যান্সে ‘ইউরোপের রাজা’রা আয়েও সেরা। গত এক বছরে তারা আয় করেছে ১০৫ কোটি ইউরো।

গত এক মৌসুমে ক্লাবগুলোর আয় বিশ্লেষণ করে এই তথ্য দিয়েছে ডেলোয়েট।

২০২৩-২০২৪ মৌসুমে ১০৫ কোটি ইউরো (১৩ হাজার ৩৭১ কোটি টাকা) আয় করেছে রিয়াল মাদ্রিদ। এ সময় লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয় করেছে রিয়াল মাদ্রিদ।

৮৩ কোটি ৭০ লাখ ইউরো আয় করে দুইয়ে রয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। এরপরে আছে পিএসজি (৮০ কোটি ৬০ লাখ ইউরো), ম্যানচেস্টার ইউনাইটেড (৭৭ কোটি ১০ লাখ ইউরো) ও বায়ার্ন মিউনিখ (৭৬ কোটি ৫০ লাখ ইউরো)। শীর্ষ দশে ইংলিশ ক্লাবই বেশি। শীর্ষ দশ পূর্ণ করেছে বার্সেলোনা, আর্সেনাল, লিভারপুল, টটেনহ্যাম ও চেলসি।

স্যান্টিয়াগো বার্নাব্যু সংস্কারের পর ম্যাচ ডেতে আয় বেড়ে দ্বিগুণ হয়েছে রিয়ালের। গত এক মৌসুমে তারা এই খাত থেকে পেয়েছে ২৪ কোটি ৮০ লাখ ইউরো। এছাড়া জার্সির হাতায় স্পন্সর চুক্তি থেকে ১৯ শতাংশ বেশি আয় করেছে লস ব্লাঙ্কোসরা। আর মার্চেন্ডাইজিং থেকে তারা পেয়েছে ৪৮ কোটি ২০ লাখ ইউরো। সম্প্রচার চুক্তি থেকে রিয়াল পেয়েছে ৩১ কোটি ৬০ লাখ ইউরো।

তালিকায় থাকা ২০টি ক্লাব মোট ১ হাজার ১১২ কোটি ইউরো আয় করেছে গত এক মৌসুমে, যা আগের মৌসুমের চেয়ে ৬ শতাংশ বেশি।