অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডে জিতে পাওয়া ৬৭ হাজার ডলার (৮১ লাখ ৬৬ হাজার টাকা) প্রাইজমানি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস প্রলয়ংকারী দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য দান করার ঘোষণা দিলেন আমেরিকান তারকা টেইলর ফ্রিটজ।

গত ৭ জানুয়ারি শুরু হওয়া দাবানলে আজ পর্যন্ত অন্তত ২৫ জন মারা গেছে। এটা লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী দাবানল বলে মনে করা হচ্ছে।

আজ চিলির বাছাই খেলোয়াড় ক্রিস্টিয়ান গারিনকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে ওঠার পর ফ্রিটজ ঘোষণা দেন যে, প্রথম রাউন্ডের জিতে পাওয়া প্রাইজমানি তিনি দান করবেন।

চতুর্থ বাছাই ফ্রিটজ বলেন, ‘আমি কেবল চাই সবাই নিরাপদে থাকুক, যা ঘটেছে তার অস্বাভাবিক। আমি প্রথম রাউন্ডের প্রাইজমানি লস অ্যাঞ্জেলেসের রিলিফ ফান্ডে দিতে চাই। সাউথ ক্যালিফোর্নিয়ায় আমার বাড়ি এবং লস অ্যাঞ্জেলেসে দীর্ঘদিন ধরেই আমি বসবাস করেছি। কাজেই ক্ষতিগ্রস্তদের জন্য সম্ভাব্য সর্বোচ্চ চেষ্টা করছি।’

আজ গারিনকে ৬-২, ৬-১, ৬-০ গেমে হারানোর পর ক্যামেরার লেন্সে ‘এলএ’ লিখে ভালোবাসার চিহ্ন এঁকেছেন ২৭ বছর বয়সী ফ্রিটজ। তৃতীয় রাউন্ডে ফরাসি তারকা গায়েল মনফিলসের মুখোমুখি হবেন তিনি।

কোকো গাফ, জেসিকা পেগুলা আর ইগা প্রত্যেকেই তাদের প্রথম রাউন্ডের জয়টি অগ্নিনির্বাপনকর্মীদের প্রতি উৎসর্গ করেন, যারা জীবন বাজি রেখে দাবানল ঠেকানোর চেষ্টা করেছেন।

এদিকে, চারবারের গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন নাওমি ওসাকা সোমবার জানিয়েছেন যে, তার বাড়ি থেকে সামান্য দূরেই দাবানল হয়েছে।