চলতি অ্যাশেজে প্রথম দুই টেস্ট জিতে নিয়ে নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের সামনে এখন দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলার দারুণ সুযোগ। অপরদিকে টানা দুই হারে কোণঠাসা অতিথি ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মাটি থেকে সিরিজ জিততে হলে অনবদ্যভাবে ঘুরে দাঁড়াতে হবে জো রুটের দলকে, জিততে হবে সিরিজের বাকি তিনটি টেস্টই। এমন পরিস্থিতিতে আজ ভোর সাড়ে ৫টা থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার বক্সিং ডে টেস্ট।

ব্রিসবেনে প্রথম টেস্টে ৯ উইকেট ও অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে ২৭৫ রানের বড় জয় পায় অস্ট্রেলিয়া। ২-০-তে এগিয়ে থাকার সুবাদে ফুরফুরে মেজাজে অজি শিবির। ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ ও ট্রাভিস হেডরা ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন। আইসিসির টেস্ট র্যাংকিংয়ে শীর্ষ ১০-এ রয়েছেন এ চার ব্যাটার। অ্যাশেজের তিন ইনিংসে ৭৬ গড়ে ২২৮ রান করেছেন টেস্টের শীর্ষ ব্যাটার লাবুশেন।

সব মিলিয়ে আত্মবিশ্বাসী স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং তো তাই বলেই ফেলেছেন, এবারের সিরিজে ইংল্যান্ডকে ৫-০তে পরাজিত করবে তার উত্তরসূরিরা।

অজিদের ব্যাটে রানের ফুলঝুরি। ইংল্যান্ড ব্যাটারদের বিপরীত চিত্র। ডেভিড মালান ও জো রুট ছাড়া কোনো ব্যাটারই নামের সুবিচার করতে পারছেন না। এ টেস্টে রুটের সামনে এক বর্ষপঞ্জিতে পাকিস্তানের মোহাম্মদ ইউসুফের করা ১ হাজার ৭৮৮ রানের রেকর্ড নিজের করে নেয়ার হাতছানি। তার রান এখন ১ হাজার ৬৩০ রান। ইউসুফের চেয়ে তিনি এখনো পিছিয়ে ১৫৮ রান।

একাদশে দুটি পরিবর্তনে এনেছে অস্ট্রেলিয়া। চোটের কারণে ছিটকে গেছেন পেসার ঝাই রিচার্ডসন, তার বদলে অভিষেক হবে ৩২ বছর বয়সী পেসার স্কট বোল্যান্ডের। মাইকেল নেসের বাদ পড়েছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ফেরায়। অপরদিকে ইংলিশরা একাদশে এনেছে চার পরিবর্তন। ওপেনার ররি বার্নস, ওলি পোপ, স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকস বাদ পড়েছেন। দলে ফিরেছেন জ্যাক ক্রলি, জনি বেয়ারস্টো, মার্ক উড ও স্পিনার জ্যাক লিচ। ক্রিকইনফো