গতকাল মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে ঢাকা প্রিমিয়ার লিগের স্পন্সর হিসেবে ওয়ালটনের নাম ঘোষণা করে। বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি ও ঢাকা লিগের আয়োজক সিসিডিএমের চেয়ারম্যান তামিম ইকবাল এ ঘোষণা দেন। টুর্নামেন্টের অফিশিয়াল নাম, ‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, পাওয়ার্ড বাই বসুন্ধরা সিমেন্ট।’

ক্রিকেটের সঙ্গে ওয়ালটনের সম্পর্ক পুরনো। এর আগে ঢাকা প্রিমিয়ার লিগের টানা ১৩ আসরে স্পন্সর করেছে ওয়ালটন। প্রথম শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা জাতীয় ক্রিকেট লিগেও ১১ বছর স্পন্সর করে কোম্পানিটি। দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও ছিল ওয়ালটনের উপস্থিতি। বিদেশে একাধিক আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে ওয়ালটন পৃষ্ঠপোষকতা করেছে বাংলাদেশ ক্রিকেটকে।

বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওয়ালটন যুক্ত হওয়ায় ধন্যবাদ জানিয়ে তামিম ইকবাল বলেছেন, ‘ওয়ালটন সবসময়ই বাংলাদেশ ক্রিকেটের বড় সমর্থক হিসেবে পাশে থেকেছে। শুধু ঢাকা প্রিমিয়ার লিগ নয়, এনসিএলসহ ফার্স্ট ক্লাস টুর্নামেন্টগুলোতেও তারা ধারাবাহিকভাবে এগিয়ে এসেছে। তাদের এ অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। কারণ তাদের মতো স্পন্সর ছাড়া এসব আয়োজন সফলভাবে সম্পন্ন করা অনেক কঠিন হয়ে যায়।’

তিনি এ নিয়ে আরো বলেন, ‘আমি কিছুক্ষণ আগেই তাদের সঙ্গে কথা বলছিলাম। আমরা কীভাবে তাদের জন্য আরো কিছু করতে পারি। তারা বাংলাদেশ ক্রিকেটে বিনিয়োগ করছে, আর সেই বিনিয়োগ যেন সার্থক হয়, সেটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এ বিষয়টি নিয়েই আজ প্রথম আলোচনা হলো। আশা করছি, সামনে আমরা একসঙ্গে বসে আরো কীভাবে তাদের সম্পৃক্ততা বাড়ানো যায়, তা নিয়ে বিস্তারিত কথা বলতে পারব। বিসিএলে তাদের দল আগে ছিল, এখন নেই; এ বিষয়টিও আলোচনায় আসবে। আমরা আশা করি, তাদের এ সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

সংবাদ সম্মেলনে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ বলেছেন, ‘ওয়ালটন বাংলাদেশের একটা অন্যতম সুপার ব্র্যান্ড এবং আরো খুশির জায়গা যেটা সেটা হলো ওয়ালটন এখন ৫৫টির বেশি দেশে তার প্রেজেন্স রাখছে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বাংলাদেশের ক্রিকেটের অন্যতম প্রেস্টিজিয়াস একটি টুর্নামেন্ট। আমরা গত ১৩ বছর সাকসেসফুলি এটার সঙ্গে পার্টিসিপেট করেছি স্পন্সর হিসেবে। এবার আমরা আবার আছি। এটাকে আমরা ইনভেস্টমেন্ট হিসেবে দেখছি না। আমরা আমাদের রেসপন্সিবিলিটির পার্ট হিসেবেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে আছি।’