লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ গত এক দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে কর্তৃত্ব করে এসেছে। তাদের মহাকাব্যিক সব দ্বৈরথ হয়েছে স্পেনে খেলার সময়। লা লিগায় খেলার সময় বিভিন্ন প্রতিযোগিতায় ৯ বছর একে অপরের মুখোমুখি হয়েছেন। কখনো সরাসরি ম্যাচে, কখনোবা শিরোপার লড়াই হয়েছে দুজনের দলের মধ্যে।

 

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দুই প্রাণভোমরা ছিলেন মেসি ও রোনালদো। দুজনই দুই ক্লাবে গোলের ইতিহাস গড়েছেন, ক্লাবকে এনে দিয়েছেন একের পর এক গৌরবগাথা। এরপর ঠিকানা বদলে মেসি নাম লিখিয়েছেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ক্লাবে, আর রোনালদো ইতালি ও ইংল্যান্ড ঘুরে এখন সৌদি আরবের আল নাসর ক্লাবে। ভিন্ন মঞ্চে ও ভিন্ন জার্সিতে আজ ফুটবলের দুই মহাতারকার দ্বৈরথ। রিয়াদের কিং ফাহদ স্টেডিয়ামে ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে আজ প্রীতি ম্যাচে মুখোমুখি হবে সৌদি আবের ক্লাব আল হিলাল ও আল নাসরের খেলোয়াড়দের নিয়ে গড়া একাদশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

 

মেসির জন্য এটা এক প্রকার বিজয় প্যারেডও। ডিসেম্বর মাসে কাতারে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন তিনি। আর্জেন্টাইন সুপারস্টার আবার সৌদি আরবের শুভেচ্ছা দূত। এই সফরটা তাই মেসির জন্য ভিন্ন এক মাত্রা যোগ করেছে।

 

রোনালদোর জন্য এটা বিশেষ এক ম্যাচ। পাঁচ সপ্তাহ আগে চোখের জলে বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পর যোগ দিয়েছেন নতুন ক্লাবে। যদিও সৌদিতে এখনো ম্যাচ খেলা হয়নি। এই প্রীতি ম্যাচ দিয়েই সৌদি আরবে তার অভিষেক ঘটবে। 

 

বিশ্বের যে প্রান্তেই রোনালদো-মেসির ম্যাচ হোক, তা নিয়ে উন্মাদনা থাকবেই। সৌদির এই ম্যাচ ঘিরেও ব্যতিক্রম নয়। এই প্রীতি ম্যাচের টিকিটের সর্বোচ্চ দাম উঠেছে ২৬ লাখ ডলার। ফুটবল ইতিহাসে আগে কখনো এত দামে টিকিট বিক্রির নজির নেই। সৌদি ন্যাশনাল প্ল্যাটফর্ম ফর চ্যারিটেবল ওয়ার্ক আয়োজন করেছে এই ম্যাচটির। ম্যাচের আয় চলে যাবে দাতব্য সংস্থায়।

 

তবে ম্যাচের সব আলো ওই মেসি-রোনালদোর ওপরই। ৭৬টি শিরোপা জিতে বিশ্ব ফুটবলের সফলতম খেলোয়াড় তারা দুজন। এর মধ্যে মেসি জিতেছেন ৪২টি, রোনালদো ৩৪টি। দুজন হরহামেশাই মৌসুমে ৪০-এর বেশি গোল করেছেন। দুজনেরই ক্যারিয়ারের গোল আটশরও বেশি!

 

লা লিগায় ১৮টি, চ্যাম্পিয়ন্স লিগে ৬টি, কোপা ডেল রেতে ৫টি, স্প্যানিশ সুপার কাপে ৫টি ও আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুটি ম্যাচে মুখোমুখি হয়েছেন রোনালদো ও মেসি। সব মিলে ৩৬ ম্যাচের দ্বৈরথে জয়ের পাল্লাটা মেসির দিকেই ভারী। তিনি জিতেছেন ১৬টি ম্যাচে, আর রোনালদো জিতেছেন ৯টি, ড্র হয়েছে ১১ ম্যাচ। মেসির ২২ গোলের বিপরীতে রোনালদো করেছেন ২১ গোল। ১২ গোলে অ্যাসিস্ট করেছেন মেসি, আর রোনালদো অ্যাসিস্ট করেন ১ গোলে।

 

স্প্যানিশ ফুটবলে রোমাঞ্চকর সব ডুয়েলের জন্ম দেয়া এই দুই মহাতারকা আজ ক্যারিয়ারের পড়ন্তবেলায় লড়বেন একটি প্রীতি ম্যাচে। আজ কে হাসবেন বিজয়ীর হাসি?