ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ম্যানচেস্টার ডার্বি। টেবিলে অবস্থানের কারণে ওল্ড ট্র্যাফোর্ডে আজকের ডার্বির উত্তাপ কমই হতে পারে। কারণ, দুই দলের কেউই শিরোপার রেসে নেই। ৩০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে ম্যানসিটি রয়েছে টেবিলের পাঁচে, আর সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩ নম্বরে সর্বোচ্চ ১৩ বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানইউ।

ম্যানসিটির বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচে হারেনি ম্যানইউ। এর মধ্যে দুটিতে জিতেছে রেড ডেভিলরা, ড্র করেছে বাকি ম্যাচ। ২০১০ সালের জানুয়ারি থেকে ২০১১ সালের ফেব্রুয়ারির মধ্যে সিটির বিপক্ষে চার ম্যাচে না হারার রেকর্ড রয়েছে তাদের।

২০১৯-২০ মৌসুমের পর ম্যানসিটির বিপক্ষে আবারো লিগ ডাবলের হাতছানি ম্যানইউর সামনে। গত ডিসেম্বরে ইতিহাদে ২-১ গোলের জয় তুলে নেয় রেড ডেভিলরা। সেই সঙ্গে ম্যানইউ কোচ রুবেন আমোরিমের সামনে রেকর্ডের হাতছানি। স্পোর্টিং লিসবন ও ম্যানইউর কোচ হিসেবে তিনি হারিয়েছেন ম্যানসিটিকে। পেপ গার্দিওলার বিপক্ষে প্রথম কোচ হিসেবে টানা তিন জয়ের সুযোগ এ পর্তুগিজ কোচের সামনে। লিভারপুলের ইয়ুর্গেন ক্লোপ ও চেলসির টমাস টুখেল টানা দুই ম্যাচে গার্দিওলাকে হারান।

ম্যানইউর কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন ক্লাবটির হয়ে ৮১০ ম্যাচে ডাগআউটে থেকে ১১৪টিতে হেরেছেন (১৪.১ শতাংশ)। অথচ তার বিদায়ের পর যে ১০ কোচ দায়িত্ব পালন করেছেন তারা সবাই মিলে ৪৪৮ ম্যাচের মধ্যে ১১৪ ম্যাচে হেরেছেন (২৫.৪ শতাংশ)।

সিটিকে আশা দেখায় তাদের দারুণ এক রেকর্ড। ওল্ড ট্র্যাফোর্ডে অ্যাওয়ে ম্যাচে সর্বোচ্চ নয়টি জয় পাওয়ার কৃতিত্ব তাদেরই। এ নয়টি জয়ের মধ্যে পাঁচটি এসেছে পেপ গার্দিওলার হাত ধরে, যা কিনা যেকোনো সফরকারী কোচের জন্যও রেকর্ড।

চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৩ ম্যাচে হেরেছে ম্যানইউ। গত মৌসুমে তারা হেরেছিল রেকর্ড ১৪ ম্যাচ। আজ হারলে গতবারের রেকর্ড ছুঁয়ে ফেলবে রেড ডেভিলরা। এছাড়া চলতি মিশনে ৩০ ম্যাচের মধ্যে ১০টিতে তারা গোল করতে ব্যর্থ হয়েছে।

ডার্বিতে ম্যানইউ পেতে পারে মিডফিল্ডার কবি মাইনুকে। কাফ ইনজুরির কারণে দুই মাস মাঠের বাইরে ছিলেন তিনি। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে চোট পাওয়া ডাচ ডিফেন্ডার ম্যাথিস ডি লিটের খেলা অনিশ্চিত। এইডেন হেভেন, জনি ইভান্স, লিসান্দ্রো মার্টিনেজ আর লুক শ’ এখনো মাঠের বাইরে। ম্যানসিটি পাবে না ম্যানুয়েল আকাঞ্জি, নাথান আকে, আর্লিং হালান্ড, রদ্রি ও জন স্টোনসকে। লেস্টার সিটির বিপক্ষে ম্যাচে খেললেও আজ বিশ্রাম পেতে পারেন ডিফেন্ডার আব্দুকাদের খুসানভ।

লিগ শিরোপার সুবাস পাচ্ছে লিভারপুল। ৩০ ম্যাচে ২২ জয়ে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্নে স্লটের দল। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তাদের পরেই আর্সেনাল। লিভারপুল আজ সন্ধ্যায় খেলবে ফুলহ্যামের মাঠে। আর্সেনাল গতকাল রাতে এভারটনের মুখোমুখি হয়।