ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের প্রথম ধাপে দল পেলেন না সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে কোচিতে শুরু হয় ২০২৩ সালের আইপিএলের নিলাম।

নিলামে অলরাউন্ডারদের ক্যাটাগরিতে প্রথমেই ডাকা হয় সাকিবের নাম। কিন্তু কোনো দল তার প্রতি আগ্রহ দেখায়নি। তবে দলগুলোর আগ্রহের ভিত্তিতে আবার ডাকা হতে পারে বাংলাদেশের এই দুই ক্রিকেটারের নাম।

সাকিবের ক্ষেত্রে দল না পাওয়া এবারই প্রথম নয়। আইপিএলের আগের নিলামেও দল পাননি বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক।

গত আসরে ২ কোটি রুপি ভিত্তিমূল্যে নিলামে নাম লেখান তিনি। এবার ভিত্তিমূল্য কমিয়েছেন ৫০ লাখ রুপি।  

২০১১ সালের আইপিএলে প্রথমবার ডাক পান সাকিব। সেবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন তিনি। এরপর ২০১২, ২০১৪, ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালেও দলটির হয়ে নৈপুণ্য দেখান। এর মধ্যে ২০১২ ও ২০১৪ সালে শিরোপা জেতে কলকাতা। ২০১৮ সালে ডাক পেয়ে পরপর দুই মৌসুম সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠে নামেন সাকিব। পুরোনো দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে ফের খেলেন ২০২১ সালের আসরে।

এদিকে কিপার-ব্যাটসম্যানদের মধ্যে লিটনের নাম ওঠে সবার আগে। কিন্তু ৫০ লাখ ভিত্তিমূল্যের ক্রিকেটারকে নেয়নি কোনো দল।

সব মিলিয়ে আসন্ন আইপিএলের নিলামে উঠেছে ৪০৫ জন ক্রিকেটারের নাম। এবার দলগুলো কিনতে পারবে ৮৭ জন ক্রিকেটার, তার মধ্যে বিদেশি সর্বোচ্চ ৩০ জন।