একটু পরই সৌদি আরবের সমুদ্র তীরবর্তী শহর জেদ্দায় শুরু হবে ২০২৫ আইপিএলের মেগা নিলাম। বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় দুদিনব্যাপী এই জমকালো নিলাম শুরু হবে।
নিলামে অংশ নেবে ১০টি ফ্র্যাঞ্চাইজি। মেগা নিলামে উঠছেন মোট ৫৭৭ জন খেলোয়াড়। নিলামের জন্য নিবন্ধন করেছিলেন মোট ১৫৭৪ জন। শেষ পর্যন্ত নিলামে জায়গা পান ৫৭৭ জন। এর মধ্যে ৩৬৬ জন ভারতীয়, বাকিরা বিদেশি।
১০টি ফ্র্যাঞ্চাইজি মিলে সর্বোচ্চ ২৫০ জন খেলোয়াড় নিতে পারবে। এর মধ্যে ১০টি দল মিলে আগেই তাদের সঙ্গে চুক্তিবদ্ধ ৪৬ জন খেলোয়াড়কে ধরে রেখেছে। আজ ও কালকের নিলামে আর ২০৪ জন খেলোয়াড় কেনা যাবে। একটা দল সর্বোচ্চ ১২০ কোটি রুপি খরচ করতে পারবে।
বিদেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ইংল্যান্ডের ৩৮ জন। এরপর অস্ট্রেলিয়ার ৩৭ জন, দক্ষিণ আফ্রিকার ৩১ জন, নিউজিল্যান্ডের ২৪, ওয়েস্ট ইন্ডিজের ২২, শ্রীলংকার ১৯ জন, আফগানিস্তানের ১৮ জন, বাংলাদেশের ১২ জন, জিম্বাবুয়ের ৩ জন, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ২ জন করে, স্কটল্যান্ডের ১ জন।
গত মৌসুমে চেন্নাই সুপার কিংসে খেলেছেন বাংলাদেশের তারকা পেস বোলার মুস্তাফিজুর রহমান। এবার তাকে ছেড়ে দিয়েছে এমএস ধোনিদের দল।
এখন পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংসে খেলেছেন মুস্তাফিজ। গতবার ২ কোটি রুপিতে তাকে দলে টেনেছিল চেন্নাই। দেখা যাক এবার কোন দল তাকে বেছে নেয়। চেন্নাইও তাকে পুনরায় কিনতে পারে।
বাংলাদেশের উদীয়মান তারকা রিশাদ হোসেনের ওপর এবার চোখ থাকছে সবার। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নেন তিনি। স্পিনের পাশাপাশি মারমুখী ব্যাটিংও করেন তিনি। লেগ স্পিনারদের বিশেষ কদর থাকায় তিনি আইপিএলে দল পেয়েও যেতে পারেন বলে ধারণা করছেন অনেকে।
এই দুজনের বাইরে বাংলাদেশের আর ১০ ক্রিকেটার আছেন এবারের আইপিএল নিলামে।
আইপিএলে মেগা নিলাম তিন বছর পর পর হয়। যে বছর মেগা নিলাম হয়, সে বছর দলগুলো আগের মৌসুম থেকে সর্বোচ্চ ছয়জন খেলোয়াড় ধরে রাখতে পারে।










