করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টেনিস তারকা রাফায়েল নাদাল। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে খবরটি নিজেই নিশ্চিত করেছেন এই স্প্যানিশ। তবে তিনি সুস্থ আছেন বলেও জানিয়েছেন। কিন্তু এর ফলে জানুয়ারিতে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনে তিনি অংশগ্রহণ করবেন কি-না, তা বড় প্রশ্নের মুখে পড়ে গেল।
এর আগে বাঁ পায়ের চোট সারিয়ে চার মাস পরে কোর্টে ফেরেন নাদাল। গত সপ্তাহে আবুধাবিতে মুবাদালা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রদর্শনী টেনিসে খেলেছেন। সেখান থেকে স্পেনে ফেরার পর তার যে পিসিআর পরীক্ষা হয়েছে, তার ফল পজেটিভ এসেছে। এক সপ্তাহের মধ্যে বিশেষ বিমানে খেলোয়াড়দের অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল তার।
আবুধাবির টুর্নামেন্টে অ্যান্ডি মারে ও ডেনিস শাপোভালভের কাছে নাদাল হেরে যান। তার পরেই তিনি জানিয়েছিলেন, বছরের প্রথম গ্র্যান্ড স্লামে তার খেলা অনিশ্চিত। চলতি বছরটি ভালো কাটেনি নাদালের। ফরাসি ওপেনের সেমিফাইনালে তিনি হেরে যান। এরপর ইনজুরি ও করোনার প্রভাবে উইম্বলডন, অলিম্পিক ও ইউএস ওপেন থেকে নাম তুলে নিতে বাধ্য হন।










