করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমির। আজ নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে টুইট বার্তায় নিজেই বিষয়টি জানিয়েছেন পাকিস্তানের পেসার। এজন্য আসন্ন টি-টেন লিগের পঞ্চম আসরে তার খেলা হচ্ছে না বলেও জানিয়েছেন আমির।

আমির টুইট বার্তায় লিখেছেন, আমি এ বছর টি-টেন লিগে খেলব না। কারণ আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি। কিন্তু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দ্রুত সেরে ওঠার জন্য আপনাদের দোয়া চাই।

পাকিস্তানের সাবেক প্রধান কোচ মিসবাহ-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিসির বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ এনে গত ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান আমির। পরে তারা পদত্যাগ করলে আমির আবারো অবসর ভেঙে ক্রিকেটে ফেরেন। কিন্তু এরপর জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলা হয়নি তার। টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলার কথা ছিল আমিরের।