সব ধরণের
প্রতিযোগিতায় উড়তে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে মাটিতে নামাল লিভারপুল। রোববার
রাতে ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচে তাদের ৭-০ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লোপের দল।
এটা ৯০ বছরের মধ্যে ম্যানইউর সবচেয়ে বড় হার।
ম্যানইউ তাদের
ইতিহাসে মাত্র তিনবার ৭-০ গোলে হারের লজ্জা পেয়েছে। সর্বশেষ ১৯৩১ সালে উলভারহ্যাম্পটন
তাদের এই ব্যবধানে হারায়। এটা আবার ম্যানইউর বিপক্ষে লিভারপুলের সবচেয়ে বড় জয়। ১৮৯৫
সালে তারা রেড ডেভিলদের হারিয়েছিল ৭-১ গোলে।
রোববার ম্যানইউর
বিপক্ষে ডাচ ফরওয়ার্ড কডি গ্যাকপো, উরুগুইয়ান ফরওয়ার্ড ডারউইন নুনেজ ও মিসরীয়
ফরওয়ার্ড মোহাম্মদ সালাহ প্রত্যেকেই দুটি করে গোল করেছেন, আর ব্রাজিলীয় তারকা
রবার্তো ফিরমিনো লক্ষ্যভেদ করেন একবার। সাত গোলের মধ্যে ছয়টিই হয়েছে ম্যাচের
দ্বিতীয়ার্ধে। লক্ষ্যে আটটি শট নিয়ে সাতটিই গোল করেছে লিভারপুল!
উল্লেখ্য, এদিন
লিভারপুলের ইতিহাসে সর্বোচ্চ ১২৯ গোলের রেকর্ড গড়েছেন সালাহ। লিভারপুলের প্রথম
খেলোয়াড় হিসেবে যেকোনো প্রতিযোগিতায় টানা ছয় ম্যাচে গোল করার কৃতিত্ব দেখালেন তিনি।
লিগ কাপ শিরোপা
জয়ের মাত্র এক সপ্তাহের মধ্যেই হোঁচট খেল ম্যানইউ। এই হারে তাদের লিগ শিরোপা জয়ের
সম্ভাবনাও ফিকে হয়ে গেল। এটি প্রিমিয়ার লিগে তাদের সবচেয়ে বড় হার। এই হারের পর ২৫
ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে ম্যানইউ, সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পাঁচে
উঠে এসেছে লিভারপুল।
প্রিমিয়ার লিগে
অন্য যেকোনো দলের চেয়ে লিভারপুলের কাছেই সবচেয়ে বেশি ম্যাচে হেরেছে ম্যানইউ (১৯টি)।
এছাড়া প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচে ২১ গোল হজম করেছে
রেড ডেভিলরা। গত মৌসুমেও গোলবন্যা বইয়ে দেয় লিভারপুল। ক্লোপের দল ওল্ড ট্র্যাফোর্ডে
৫-০ গোলে ও অ্যানফিল্ডে ৪-০ গোলে জয়লাভ করে। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আরেকটি
বড় জয় তুলে নেয়ার কৃতিত্ব দেখাল তারা।
লজ্জাজনক এই হার
শেষে ম্যানইউ কোচ এরিক টেন হ্যাগ বলেছেন, দলের এই ‘অপেশাদারমূলক’ পারফরম্যান্সে
তিনি ভীষণ ‘ক্ষুব্ধ’।
হারটি রেড
ডেভিলদের মনের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে বলে মনে করেন ক্রীড়া সাইকোলজিস্ট ড. পল
ম্যাকার্থি। যদিও সামনে ব্যস্ত সূচি বলেই হয়তো দ্রুত এই ক্ষত কাটিয়ে উঠবে টেন
হ্যাগের দল। দ্রুতই মাঠে নেমে পড়তে হচ্ছে ম্যানইউকে। ৯ মার্চ ওল্ড ট্র্যাফোর্ডে
ইউরোপা লিগের প্রথম লেগে তারা খেলবে স্পেনের দল রিয়াল বেতিসের বিপক্ষে, ১২ মার্চ প্রিমিয়ার
লিগে প্রতিপক্ষ সাউদাম্পটন, আর ১৬ মার্চ ইউরোপা লিগের ফিরতি লেগ হবে স্পেনে। ১৯
মার্চ এফএ কাপ ম্যাচে ফুলহামের বিপক্ষে তারা খেলবে ঘরের মাঠে।
‘ইউনাইটেড উই স্ট্যান্ড’
সম্পাদক অ্যান্ড মিটেন মনে করেন, হারটি এতটাই বাজে ছিল যে এটি ম্যানইউর মধ্য থেকে
ভালোটা বের করে নিয়ে আসতে পারে। বিবিসিকে তিনি বলেন, ‘এটা ভয়ঙ্কর ফল, সম্পূর্ণ
ভয়ঙ্কর। এমনটি আমি আশা করিনি। এটি খুবই খারাপ দিন ছিল ম্যানইউর। এরপরও আমি মনে করি,
এরিক টেন হ্যাগ ভালোই করছেন। আশাকরি, এই ফল এতটাই খারাপ যে এ থেকেই ম্যানইউর
ভালোটা বেরিয়ে আসবে।’










