ইউরোপের
শীর্ষ পাঁচ লিগের মধ্যে সবার আগে শিরোপার নিস্পত্তি হয়েছে জার্মান বুন্দেসলিগায়। প্রথমবারের
মতো শিরোপা জিতে নিয়েছে বায়ার লেভারকুসেন। আজ ইতালির সিরি-এ লিগে শিরোপা নিশ্চিত করে
ফেলতে পারে ইন্টার মিলান। এজন্য জিততে হবে ঐতিহ্যবহুল লড়াই মিলান ডার্বি। এসি মিলান
ও ইন্টার মিলানের এই দ্বৈরথ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে।
৩২
রাউন্ড শেষে ৮৩ পয়েন্ট নিয়ে সিরি-এ টেবিলের শীর্ষে ইন্টার মিলান। নগর প্রতিদ্বন্দ্বী
এসি মিলান ৬৯ পয়েন্ট নিয়ে দুইয়ে। আজ রাতে জিতলে ৩৩ ম্যাচে ৮৬ পয়েন্ট হয়ে যাবে ইন্টারের।
তখন এসি মিলানকে ১৭ পয়েন্টে পেছনে ফেলবে নেরাজ্জুরিরা। শেষে পাঁচ ম্যাচে ইন্টারকে আর
ধরে ফেলা এসি মিলানের পক্ষে সম্ভব হবে না।
জুভেন্টাসের
এক দশকের আধিপত্যের অবসান ঘটিয়ে ইতালির ফুটবলের কর্তৃত্ব ফিরেছে মিলানে। ইন্টার মিলান
ও এসি মিলান উভয়ই সমান ১৯টি করে লিগ শিরোপা জিতেছে, আর দুই দল মিলে ইউরোপিয়ান শিরোপা
জিতেছে ১০টি। আজ ২০তম লিগ শিরোপা জয়ের হাতছানি ইন্টারের সামনে। আজ ব্যর্থ হলেও সমস্যা
নেই, বাকি ম্যাচগুলোতে নির্বিঘ্নেই শিরোপা জিতে নেয়ার কথা তাদের।
সর্বশেষ
টানা পাঁচটি মিলান ডার্বি জিতেছে ইন্টার মিলান। এর মধ্যে গত বছর চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে
উভয় লেগেই জিতেছে সিমোন ইনজাগির দল। গতবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তারা হেরে যায়
ম্যানসিটির কাছে। সর্বশেষ ২০২২ সালের সেপ্টেম্বরে ইন্টারকে হারাতে পেরেছে এসি মিলান,
যখন রোজেনারিরা ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।
ডার্বির
জন্য প্রস্তুতি নিতে এক সপ্তাহ সময় পেয়েছে ইন্টার মিলান। অন্যদিকে, গত বৃহস্পতিবার
ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে রোমার কাছে ১-২ গোলে হেরে বসেছে এসি মিলান।










