চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল-২০২৩) দ্বিতীয় জয় পেল ফরচুন বরিশাল। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী
স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ২৬ রানে হারায় সাকিব আল
হাসানের দল। আগে ব্যাটিং করে ৭ উইকেটে ২০২ রান তোলে বরিশাল। জবাবে চট্টগ্রাম ৪
উইকেটে ১৭৬ রান তুলতে সমর্থ হয়।
ঢাকায় প্রথম পর্বে দুই ম্যাচ খেলে একটি জয় পায়
বরিশাল। তারা সিলেটের কাছে প্রথম ম্যাচে হারলেও পরে হারায় রংপুর রাইডার্সকে। আজ
তৃতীয় ম্যাচে এসে জয়ে ফিরল সাকিবের দল। আফগান ক্রিকেটার ইব্রাহিম জাদরান (৩৩ বলে ৪৮), মাহমুদউল্লাহ (১৭ বলে ২৫) ও মেহেদী হাসান
মিরাজ (১২ বলে ২৪) ভিত গড়ে দেয়ার
পর ঝড়ো ব্যাটিংয়ে বরিশালের সংগ্রহ দুশ পার করান পাকিস্তানির হার্ডহিটার ইফতিখার
আহমেদ। ২৬ বলে ৩টি চার ও ৫টি ছক্কায় ৫৭ রান করেন তিনি। চট্টগ্রামের আবু জায়েদ রাহী
৪৯ রানের খরচায় নেন তিনটি উইকেট।
বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে আগের ম্যাচের
সেঞ্চুরিয়ান উসমান খান ও ডাচ ব্যাটার ম্যাক্স ও’ডাউড উড়ন্ত সূচনা এনে দেন চট্টগ্রামকে। তারা ৫ ওভারেই তুলে দেন ৪৮ রান। যদিও
পঞ্চম ওভারের শেষ বলে উসমান আউট হয়ে যান। এরপর উন্মুক্ত চাঁদকে নিয়ে ছুটছিলেন ও’ডাউর এবং এক উইকেটে ৮১ রান তুলে নিয়ে জয়ের আশা
জাগায় চট্টগ্রাম। ও’ডাউড দলীয় ৮১
রানে বিদায় নেয়ার পর রানের চাকা শ্লথ হয়ে পড়ে স্বাগতিকদের। ৮৮ রানে বিদায় নেন
চাঁদও। এরপর আফিফ হোসেন (২১ বলে ২৮) ও জিয়াউর
রহমানের (২৫ বলে ৪৭*) ব্যাটিং শুধু
হারের ব্যবধানই কমাতে পেরেছে।
শনিবার দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলবে বরিশাল, আর সন্ধ্যায় চট্টগ্রামের প্রতিপক্ষ ঢাকা ডমিনেটর্স। এদিকে, আজ সন্ধ্যায় মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স।










