অনেক আলোচনা ছিল সিনিয়র
ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে। তবে তার জায়গা হলো না আসন্ন এশিয়া কাপের দলে।
তাকে বাদ দিয়েই আজ শনিবার (১২ আগস্ট) সকালে ১৭ জনের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট
বোর্ড। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায় কি শেষ হতে চলল ৩৭ বছর বয়সী মাহমুদউল্লাহর?
প্রধান নির্বাচক মিনহাজুল
আবেদিন নান্নু জানান, ম্যানেজমেন্টের সবার সঙ্গে আলোচনা করেই তারা দল চূড়ান্ত করেছেন।
ম্যানেজমেন্টের সুনির্দিষ্ট প্ল্যান থাকায় মাহমুদউল্লাহকে রাখা হয়নি।
দলের একমাত্র নতুন মুখ ওপেনিং ব্যাটার তানজিদ
হাসান তামিম। গত মাসে শ্রীলংকার মাটিতেই এসিসি ইমার্জিং কাপে খেলে এসেছেন তিনি।
সেখানে ভালো পারফর্ম করায় এশিয়া কাপের দলেও ডাক পেলেন। যেহেতু এশিয়া কাপ
শ্রীলংকায়, আর তানজিদও সম্প্রতি সেখানে খেলে এসেছেন, তাই এই বিষয়গুলো বিবেচনায়
নেয়া হয়েছে। আর তামিম ইকবাল না থাকায় তার বিকল্প হিসেবে একজন-দুজনের কথা ভাবছিল বিসিবি।
সেই বিকল্প হিসেবে ডাক পেলেন ২২ বছর বয়সী তানজিদ ও নাঈম শেখ।
ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন ব্যাটার রনি তালুকদার ও স্পিনার তাইজুল ইসলাম। আর ফিরেছেন স্পিনার নাসুম আহমেদ, ব্যাটার শামীম হোসেন পাটোয়ারী, পেসার এবাদত হোসেন ও স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।
দল ঘোষণার পর পরীক্ষিত ব্যাটার মাহমুদউল্লাহকে প্রশ্নের মুখে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেন, ‘মাহমুদউল্লাহকে নিয়ে অনেক লম্বা আলোচনা হয়েছে। অনেক আলোচনা করার পর টিম ম্যানেজমেন্ট আমাদের একটা পরিকল্পনা দেয়, সামনে কোন দেশের সঙ্গে কীভাবে খেলবে, কী পরিকল্পনা। ওই চিন্তা ভাবনা করেই তাকে বাইরে রাখা হয়েছে। ম্যানেজমেন্টের পরিকল্পনাকে আমরা মনে করেছি যে, অবশ্যই এটা ভালো। ওদের সঙ্গে যেহেতু হেড কোচের একটা পরিকল্পনা আছে, টিম কীভাবে পরিচালনা করবে, সব আলোচনা হয়েছে, আমাদের অধিনায়কের সঙ্গে আলোচনা হয়েছে। তারপর সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
মাহমুদউল্লাহ সর্বশেষ ওয়ানডে
খেলেছেন এ বছর মার্চে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর আয়ারল্যান্ড ও আফগানিস্তান সিরিজে
তাকে ‘বিশ্রাম’ দেয়ার কথা জানান নির্বাচকরা। এবার এশিয়া কাপেও দলে ব্রাত্য তিনি।
খুব সম্ভবত বিশ্বকাপের দলেও জায়গা মিলবে না তার। কেননা বিসিবি সভাপতি নাজমুল হাসান
পাপন দুদিন আগে বলেছেন, ওপেনিংয়ের জায়গাটি ছাড়া এশিয়া কাপের দলে কোনো পরিবর্তন
আসবে না।
এশিয়া কাপ শুরু হবে ৩০ আগস্ট।
সেদিন মুলতানে পাকিস্তান খেলবে নেপালের বিপক্ষে। পরদিন পাল্লেকেলেতে শ্রীলংকার
বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ৩ সেপ্টেম্বর লাহোরে বাংলাদেশের
প্রতিপক্ষ আফগানিস্তান। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান ও নেপাল এবং ‘বি’ গ্রুপে
বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান। দুই গ্রুপ থেকে দুটি করে দল সুপার ফোরে উঠবে। ১৭
সেপ্টেম্বর ফাইনাল। এরপর দলগুলোর বিশ্বকাপ ব্যস্ততা শুরু হবে।
এশিয়া কাপের দল: সাকিব
আল হাসান, লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মুশফিকুর
রহিম, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান
মিরাজ, নাসুম আহমেদ, শামীম হোসেন, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও নাঈম শেখ।










