হেভিওয়েট বক্সিং কিংবদন্তি জর্জ ফোরম্যান ৭৬ বছর বয়সে মারা গেছেন বলে জানিয়েছে তার পরিবার। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে এ খবর জানায় তার পরিবার। খবর বিবিসি।

রিংয়ে ‘বিগ জর্জ’ নামে পরিচিত ফোরম্যান ১৯৬০-এর দশক থেকে শুরু করে কয়েক দশক প্রতিযোগিতা করেছেন। তিনি অলিম্পিকে স্বর্ণপদক ও দুইবার বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপসহ অসংখ্য টাইটেল জিতেছেন।

তার প্রথম পেশাদার পরাজয় ঘটে আরেক কিংবদন্তি মোহাম্মদ আলীর বিপক্ষে ১৯৭৪ সালের এক আইকনিক লড়াইয়ে।

ক্রীড়া জীবনের কারণে সুপরিচিত হলেও ফোরম্যানের জনপ্রিয়তা আরো বাড়ে তার আইকনিক জর্জ ফোরম্যান গ্রিলের জন্য, যা ১৯৯৪ সালে বাজারে আসার পর থেকে লক্ষ লক্ষ মানুষ কিনেছেন।

ফোরম্যানের এক ডজন সন্তান রয়েছে, যাদের অনেকের নাম তিনি ‘জর্জ‘ রেখেছেন। তিনি তার ওয়েবসাইটে ব্যাখ্যা করেছেন যে, তাদের একই নাম রাখার কারণ হলো তারা যেন সবসময় একটি বন্ধনে আবদ্ধ থাকে।

ফোরম্যানের সবচেয়ে বিখ্যাত লড়াই ১৯৭৪ সালে জায়ারে মোহাম্মদ আলীর বিপক্ষে ঐতিহাসিক ‘রাম্বল ইন দ্য জাঙ্গল’। এই লড়াইয়ে তিনি অষ্টম রাউন্ডে নকআউট হন। এটি ইতিহাসের অন্যতম বিখ্যাত বক্সিং ম্যাচ, যা নিয়ে তৈরি ‘হোয়েন উই ওয়্যার দ্য কিংস’ ডকুমেন্টারি সেরা ছবির জন্য অস্কার জেতে।

ফোরম্যান পরে আবার ইতিহাস গড়েন। ২৫ বছর বয়সে আলীর কাছে হেভিওয়েট শিরোপা হারানোর পর তিনি আরো পাঁচটি লড়াই করেন। এর মধ্যে জো ফ্রেজিয়ারকে পঞ্চম রাউন্ড এবং রন লাইলকে পঞ্চম রাউন্ডে নকআউট করেন ফোরম্যান।

এরপর, ২৮ বছর বয়সে তিনি সবাইকে চমকে দিয়ে অবসরের ঘোষণা দেন এবং নিজ রাজ্য টেক্সাসে ধর্মযাজক হিসেবে কাজ শুরু করেন।