কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। পোর্তোর ২৪ বছর বয়সী স্ট্রাইকার ইভানিলসন এই স্কোয়াডে একমাত্র নতুন মুখ। ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো ও টটেনহাম হটস্পারের স্ট্রাইকার রিচার্লিসন কোপার স্কোয়াড থেকে বাদ পড়েছেন। চোট থেকে সেরে না ওঠায় সুপারস্টার নেইমারও স্কোয়াডে নেই।

 

৩২ বছর বয়সী কাসেমিরোর বাদ পড়া প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেছেন, ‘ম্যানচেস্টারে তিন মাস আগে তার সঙ্গে আমার কথা হয়েছে। তার ও দল নিয়ে আমার ভাবনা কী, সেসব তাকে বুঝিয়ে বলেছি।’

 

নেইমার চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি। তার কোপা আমেরিকা খেলতে না পারার ব্যাপারটি ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার গত বছর ডিসেম্বরেই নিশ্চিত করেন। আর্সেনাল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসেরও জায়গা হয়নি কোপায়। ক্লাবের হয়ে ম্যাচে চোটে পড়ায় রিচার্লিসনের জায়গা হয়নি বলে জানিয়েছেন দরিভাল। সব মিলে এই ব্রাজিল স্কোয়াডটি বেশ অচেনাই লাগবে সমর্থকদের কাছে।

 

ব্রাজিলের ঘরোয়া ফুটবল থেকে এই স্কোয়াডে তিনজনকে ডাকা হয়েছে—গোলকিপার বেন্তো, ফুলব্যাক গিলের্মে আরানা ও স্ট্রাইকার এনদ্রিক। ১৭ বছর বয়সী এনদ্রিক এরই মধ্যে রিয়াল মাদ্রিদে যোগ দেয়া নিশ্চিত করেছেন। বয়স ১৮ বছর পূর্ণ হলে এ বছরের জুলাইয়ে রিয়ালে যোগ দেবেন।

 

সর্বশেষ ২০২১ কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছে ব্রাজিল। সর্বশেষ ২০১৯ সালে কোপা আমেরিকা জিতেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

 

ব্রাজিলের কোপা আমেরিকা স্কোয়াড

গোলকিপার: আলিসন, এদেরসন, বেন্তো। ডিফেন্ডার: বেরালদো, এদের মিলিতাও, গ্যাব্রিয়েল, মারকিনিওস, দানিলো, ইয়ান কৌতো, গিলের্মে আরানাল, ওয়েন্দেল। মিডফিল্ডার: আন্দ্রেয়াস পেরেইরা, ব্রুনো গিমারেজ, ডগলাজ লুইজ, হোয়াও গোমেজ, লুকাস পাকেতা। ফরোয়ার্ড: এনদ্রিক, ইভানিলসন, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রাফিনিয়া, রদ্রিগো, সাভিনিও ও ভিনিসিয়ুস জুনিয়র।