ঈদের ছুটি কাটিয়ে আজ শুরু হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের ট্রেনিং ক্যাম্প। অবশ্য প্রথম দিনের অনুশীলনে যোগ দেননি সম্প্রতি হেড কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করা ১৮ ফুটবলার।
শীর্ষ খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া ও সাবিনা খাতুন পারো এফসির হয়ে ভুটানি লিগ খেলতে গেছেন। বাকি ১৪ জনের মধ্যে তহুরা খাতুনের বোন অসুস্থ থাকায় তিনি ক্যাম্পে যোগ দেননি।
শিউলি আজিম, মোসাম্মাৎ সাগরিকা, রুপনা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, সানজিদা আক্তার, নিলুফা ইয়াসমিন, মাসুরা পারভীন, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র, কৃষ্ণা রানী, স্বর্ণা রানী মণ্ডল, সাথী বিশ্বাস ও নাসরিন আক্তার আজ সোমবার বাফুফে ভবনে কোচ বাটলারের সঙ্গে মিটিং করেছেন। বাটলারের বিপক্ষে আনা অভিযোগগুলো নিয়ে মিটিংয়ে কথা হয়েছে। যেখানে এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করেছে, যদিও শেষ পর্যন্ত এই ১৩ জন আগামীকাল মঙ্গলবার থেকে অনুশীলনে ফেরার আগ্রহ দেখিয়েছেন।
এর বাইরে আজকের জিম সেশনে অংশ নেন ৩১ ফুটবলার। বাফুফের সঙ্গে চুক্তি করা ৩৬ জনের মধ্যে স্বপ্না রানী, অর্পিতা বিশ্বাস, জয়নব বিবি, মুনকি আক্তার ও কোহাতি কিসকু ব্যক্তিগত কারণে এখনো ক্যাম্পে যোগ দেননি।
২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় উইমেনস এশিয়ান কাপের বাছাইপর্বে (আগামী ২৩ জুন থেকে ৫ জুলাই মিয়ানমারে অনুষ্ঠিত হবে এ বাছাইপর্ব) অংশ নেবে বাংলাদেশ নারী দল।










