শ্রীলংকার সঙ্গে সিরিজের দ্বিতীয় টেস্ট শেষ হয়েছে সোমবার। দক্ষিণ আফ্রিকা ১০৯ রানের জয়ে ২-০তে সিরিজ নিশ্চিত করেছে। টেস্ট মিশন শেষ হওয়ার পরদিনই মাঠে নামতে হচ্ছে প্রোটিয়াদের! এবার টি-টোয়েন্টি সিরিজ। প্রতিপক্ষ পাকিস্তান। অবাক হওয়ার মতো বিষয় হলেও দক্ষিণ আফ্রিকার এই দলটা একেবারেই আলাদা। টেস্ট দলের কেউই নেই টি-টোয়েন্টিতে।
আজ বাংলাদেশ সময় রাত ১০টায় ডারবানে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান।
হেনরিক ক্লাসেনকে অধিনায়ক করে টি-টোয়েন্টি দল গঠন করেছে দক্ষিণ আফ্রিকা। এই দলে আছেন ডেভিড মিলার, ফন ডার ডুসেন, রিজা হেনড্রিকস, এনরিখ নরকিয়া ও তাবরাইজ শামসির মতো তারকা ছাড়াও একঝাঁক নতুন মুখ।
পাকিস্তান অবশ্য পূর্ণশক্তির দল নিয়েই খেলবে। মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে পাকিস্তান দলে আছেন বাবর আজম, হারিস রউফ, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, আব্বাস আফ্রিদি, উসমান খান প্রমুখ।
দুই দলের মুখোমুখিতে সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে পাকিস্তান। প্রায় দুই বছর ২০ ওভারের ক্রিকেটে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। ২০২২ সালের নভেম্বরে সিডনিতে বিশ্বকাপ ম্যাচে দুই দলের সর্বশেষ লড়াইয়ে ৩৩ রানের জয় পায় পাকিস্তান।
২০ ওভারের ক্রিকেটে মুখোমুখিতে সবচেয়ে বেশি জয় প্রোটিয়াদেরই। ২২ ম্যাচের লড়াইয়ে তারা ১২টি ও পাকিস্তান ১০টি জিতেছে। এই সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গে পরের দুই ম্যাচ। এরপর তিন ম্যাচের ওয়ানড সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজে লড়বে দুটি দল।










