প্রচার ও প্রসারের জন্য লিওনেল মেসির সঙ্গে তিন বছরের একটি চুক্তি করেছে ক্রিপ্টো ফ্যান টোকেন ফার্ম সোসিওস। ডিজিটাল কোম্পানিটির সঙ্গে চুক্তি করে আর্জেন্টাইন সুপারস্টার পাচ্ছেন ২০ মিলিয়ন ডলার। ‘ফ্যান টোকেন’
হলো একধরনের ক্রিপ্টোকারেন্সি, যা হোল্ডারদের তাদের ক্লাব-সম্পর্কিত বেশির ভাগ ছোটখাটো বিষয়ে ভোট দিতে দেয়।
বাস্কেটবল তারকা লেব্রন জেমস ও রাগবি তারকা টম ব্র্যাডির পর ক্রিপ্টো জগতে সর্বশেষ ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে প্রবেশ করলেন মেসি। চুক্তিটি ক্রিপ্টো ফার্ম এবং সকারের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক স্থাপনের একটি অংশ। এক বিবৃতিতে সোসিওস জানিয়েছে, গত আগস্টে বার্সেলোনা থেকে প্যারিস সেন্ট জার্মেইয়ে যোগ দিয়েছেন মেসি। পিএসজিতে মেসির একটি পাওনা দেয়া হয় ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। মেসি হচ্ছেন গোটা বিশ্বের কাছে সুপরিচিত মুখ। সাতবারের ব্যালন ডি’অরজয়ী ফুটবলারের মাধ্যমে নিজেদের নাম ও কার্যক্রম অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দিতে এ চুক্তি করেছে সোসিওস। মূলত কোম্পানিটির লক্ষ্য, নভেম্বরে শুরু হতে যাওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ সামনে রেখে প্রচার-প্রচারণার মাধ্যমে নিজেদের জগৎ বড় করা। রয়টার্স










