জমকালো আয়োজনে শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে গতকাল পর্দা উঠেছে বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ নারী ট্রফি (ইয়ুথ ও জুনিয়র) টুর্নামেন্টের। বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ কে এম নুরুল ফজল বুলবুল।

এ সময় টুর্নামেন্ট অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম, কো-চেয়ারম্যান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক পুলিশের অতিরিক্ত আইজিপি মো. হাবিবুর রহমান, সাবেক সিনিয়র সচিব ড. জাফর উদ্দিন, ইন্ডিয়ান হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনাদ্বেশর পান্ডে, মালদ্বীপ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি আহমেদ মুজতবা, নেপাল হ্যান্ডবল দলের সভাপতি তেজ বাহাদুর গুরুং, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর, টুর্নামেন্ট মিডিয়া কমিটির সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসেন, টুর্নামেন্টে অংশ নেয়া চার দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

চার জাতির অংশগ্রহণে তৃতীয়বারের মতো ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ নারী ট্রফি হ্যান্ডবল। এর আগে ২০১৬ ও ২০১০ আসরটি অনুষ্ঠিত হয়। ভারত ও নেপালের ম্যাচ দিয়ে শুরু হয় টুর্নামেন্টের। তার আগে টুর্নামেন্টে অংশ নেয়া স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপ টিমের (ইয়ুথ ও জুনিয়র) খেলোয়াড়রা নিজ নিজ দেশের পতাকা হাতে মার্চপাস্টে অংশ নেয়।

আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের পিআরসি লেকচারার তারজি অ্যানথোনসেন বলেন, ‘আশা করি এ টুর্নামেন্ট দারুণ জমজমাট ও উপভোগ্য হবে। অংশ নেয়া দলগুলোকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।’

টুর্নামেন্টের প্রথম ম্যাচে (অনূর্ধ্ব-১৭) নেপালকে ৪৭-১ গোলে উড়িয়ে দিয়েছে ভারত।