পার্থ টেস্টে জশস্বী জয়সোয়ালের ১৬১ রানের রাজসিক সেঞ্চুরিতে ভর করে আজ তৃতীয় দিন ভারতের লিড চারশ ছাড়ায়। জয়সোয়াল আউট হওয়ার পর অন্যদের নিয়ে দলকে টানেন বিরাট কোহলি। তিনি ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরি তুলে নিয়েছেন। ১৪৩ বলে কোহলির সেঞ্চুরি পূর্ণ হওয়ার পরই ইনিংস ঘোষণা করেন জশপ্রীত বুমরাহ (৪৮৭/৬)। অস্ট্রেলিয়ার সামনে এখন ৫৩৪ রানের জয়ের টার্গেট। এই রান করে জিততে হলে অজিদের ইতিহাস গড়তে হবে। কেননা টেস্টের ইতিহাসে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জয়ের নজির আছে।
কোহলি ও নিতিশ কুমার রেড্ডি সপ্তম উইকেট জুটিতে ৮.৪ ওভারে ৭৭ রান যোগ করে ভারতের সংগ্রহটা বড় করেন রেড্ডি ২৭ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন।
এর আগে জয়সোয়াল ২৯৭ বলের মোকাবেলায় ১৫টি চার ও ৩টি ছক্কায় ১৬১ রান করেন। ৬২ রান নিয়ে দিন শুরু করা লোকেশ রাহুল আজ সকালে নামের পাশে আর ১৫ রান যোগ করে মিচেল স্টার্কের শিকার হন (২০১/১)। এরপর দেবদূত পাড়িক্কাল (২৫) ও বিরাট কোহলিকে নিয়ে দলের রান তিনশ পার করান জয়সোয়াল। যদিও এরপরই ফিরে যান সাজঘরে। মিচেল মার্শের বলে স্কয়াট কাট করতে গিয়ে পয়েন্টে স্টিভ স্মিথকে ক্যাচ দেন ভারতীয় ওপেনার।
জয়সোয়ালের বিদায়ের পর কোহলির সঙ্গে যুক্ত হওয়া ঋষভ পন্তকে ১ রানেই সাজঘরে পাঠান স্পিনার নাথান লায়ন। এই প্রথম কোনো স্পিনার ম্যাচে উইকেট নিলেন। ধ্রুব জুরেলকেও ১ রানে লেগ বিফোরের ফাঁদে ফেলেন প্যাট কামিন্স। এরপর ওয়াশিংটন সুন্দরকে নিয়ে ৮৯ ও রেড্ডিকে নিয়ে ৭৭ রান যোগ করেন কোহলি। এ পথে তিনি ৩৩তম টেস্ট ও সব মিলে ক্যারিয়ারের ৮০তম সেঞ্চুরি তুলে নেন।










