চীনের হাংঝৌ শহরে অনুষ্ঠেয় ১৯তম এশিয়ান গেমস স্থগিত করা হয়েছে। তবে গেমসের বাছাই পর্ব বন্ধ হয়নি। গতকাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এশিয়ান গেমস হকির বাছাই পর্বে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে।

খেলা হয়েছে ১৫ মিনিট করে চার কোয়ার্টারে। বাংলাদেশের প্রথম গোল আসে প্রথম কোয়ার্টারে, ম্যাচের ১০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে। সারোয়ার হোসেন লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন। ২৪ মিনিটে পুষ্কর খীসা মিমো ব্যবধান দ্বিগুণ করেন। তৃতীয় কোয়ার্টারে দুই দল লড়াই করে সমানে সমান। ৪০ মিনিটে ইন্দোনেশিয়া ব্যবধান কমায়। পেনাল্টি কর্নারের প্রচেষ্টা শুরুতে গোলকিপার নিপ্পন প্রতিহত করলেও সান্দ্রিয়া আন্দ্রির ফিরতি হিটে জাল অক্ষত রাখতে পারেননি। কিন্তু পরের মিনিটে ফজলে রাব্বির গোলে আবারো এগিয়ে যায় বাংলাদেশ।

চতুর্থ কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে টার্ফ ছাড়ে বাংলাদেশ। গোল না করেও দলের জয়ে দারুণ অবদান রেখে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের অধিনায়ক রেজাউল করিম বাবু।

‘বি’ গ্রুপে আগামী মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। গতকাল শ্রীলংকা ৫-২ গোলে সিঙ্গাপুরকে হারায়।