গত দুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের একাউন্ট ব্যবহার করে প্রোটিয়া হার্ডহিটিং ব্যাটসম্যান ডেভিড মিলারের আগমনের খবর দিচ্ছিল ফরচুন বরিশাল। তিনি এলেন এবং খেললেন। যদিও তার বড় অবদান ছাড়াই ‘এলিমিনেটর’ ম্যাচ জিতে টিকে থাকল বরিশাল। ক্যারিবিয়ান তারকা কাইল মায়ার্সের অলরাউন্ড নৈপুন্য আর তামিম ইকবালের দুর্দান্ত এক ফিফটিতে ভর করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের টিকিট কেটে বিপিএলে ফাইনালের আশা বাঁচিয়ে রাখল তারা। বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে বরিশালের প্রতিপক্ষ রংপুর রাইডার্স কিংবা কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

 

টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। কাইল মায়ার্স (২/২৮), মোহাম্মদ সাইফউদ্দিন (২/২৮) ওবেড ম্যাকয় (২/২৯) ও তাইজুল ইসলামের (১/২২) দুর্দান্ত বোলিংয়ের মুখে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৫ রান তুলতে সমর্থ হয় চট্টগ্রাম। জস ব্রাউন ৩৪, শুভাগত হোম ২৪ ও টম ব্রুস ১৭ রান করেন।

 

জবাব দিতে নেমে অধিনায়ক তামিম ৪৩ বলে ৯ বাউন্ডারিতে হার মানা ৫২ রান ও মায়ার্স ২৬ বলে ৩ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৫০ রানের ঝড়ো ইনিংস খেলে সহজ জয় এনে দেন বরিশালকে। মিলার করেন ১৩ বলে ১৭ রান। রোমারিও শেফার্ড, বিলাল খান ও শুভাগত হোম একটি করে উইকেট নেন।

 

ব্যাট ও বলে পারঙ্গমতা দেখিয়ে ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন বরিশালের ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইল মায়ার্স।

 

আজ সন্ধ্যায় ‘প্রথম কোয়ালিফায়ার’ ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচের বিজয়ী সরাসরি পাবে ১ মার্চের ফাইনালের টিকিট, আর পরাজিত দল বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে বরিশালের বিপক্ষে। তার মানে, এই ম্যাচের পরাজিত দল ফাইনালে ওঠার আরেকটি সুযোগ পাবে।

  

সংক্ষিপ্ত স্কোর

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২০ ওভারে ১৩৫/৯। ফরচুন বরিশাল: ১৪.৫ ওভারে ১৩৬/৩। ফল: ফরচুন বরিশাল ৭ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: কাইল মায়ার্স (ফরচুন বরিশাল)।