চোটের কারণে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের সর্বশেষ দুটি ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি। এর মধ্যে ব্রাজিলের বিপক্ষে হোম ম্যাচেও তিনি খেলতে পারেননি। সেই চোট থেকে সুস্থ হয়ে ইন্টার মায়ামির হয়ে মাঠে নেমে দুই মিনিটের মধ্যেই গোল করলেন মেসি। তার নৈপুণ্যে মেজর লিগ সকারের ম্যাচে ফিলাডেলফিয়াকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।
বাংলাদেশ সময় আজ রোববার ভোরে অনুষ্ঠিত ম্যাচে ৫৫ মিনিটে মাঠে নামেন মেসি। নামার দুই মিনিটের মধ্যেই উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজের দারুণ এক পাস থেকে বল পেয়ে ফিলাডেলফিয়ার দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডান পায়ের শটে গোল করেন তিনি। এর আগে ২৩ মিনিটে বরার্ট টেলর ইন্টারকে ১-০ গোলে এগিয়ে দিয়েছিলেন। মেসি ২-০ করার পর ৮০ মিনিটে দানিয়েল গাজদাগের গোলে ব্যবধান কমায় ফিলাডেলফিয়া (২-১)। এই জয় ইন্টার মায়ামিকে তুলে নেয় ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট টেবিলের শীর্ষে।
৬ এপ্রিল ইন্টার মায়ামি টরন্টো এফসির বিপক্ষে মেজর লিগে পরের ম্যাচটা খেলবে। তার আগে কনকাকাফ চ্যাম্পিয়নস লিগে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে মুখোমুখি হবে আগামী বুধবার।










