ভারত ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলগুলোর সমান পয়েন্ট সংগ্রহ করেও
আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপ থেকে বিদায় ঘটল
বাংলাদেশের। আজ বুধবার পচেফস্ট্রুমে সুপার সিক্স পর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব
আমিরাতকে ৫ উইকেটে হারানোর পর বাংলাদেশের মেয়েদের আক্ষেপই শুধু বাড়ল। কেননা বড় এই
জয়ের পরও তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
আজ জয় শেষে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে বাংলাদেশ। সমান ম্যাচে
সমান ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত (২.৮৪৪) ও দুইয়ে অস্ট্রেলিয়া (২.২১০)। শীর্ষ দুটি দল পেয়েছে সেমিফাইনালের টিকিট। ভারতের সেমিফাইনালের
টিকিট আগেই নিশ্চিত হয়ে যায়। আজ বাংলাদেশ ৫ উইকেটে জয়লাভ করার পর অজি নারীদেরও শেষ
চারের টিকিট নিশ্চিত হয়ে যায়। ৪ রাউন্ড শেষে অস্ট্রেলিয়ার সমান পয়েন্ট পেলেও নিট
রানরেটে পিছিয়ে রয়েছে বাংলাদেশ (১.২২৬)।
আজ দুর্দান্ত বোলিং প্রদর্শনীতে আরব আমিরাতকে অল্প রানে আটকে দেয়
বাংলাদেশের মেয়েরা। আমিরাতিরা ৯ উইকেটে মাত্র ৬৯ রান তুলতে সমর্থ হয়। ১৭ বছর বয়সী
লেগ স্পিনার রাবেয়া খান ১৪ রানে তিনটি ও মিডিয়াম পেসার মারুফা আক্তার ১৬ রানে দুটি
উইকেট নেন। এছাড়া দিপা খাতুন ৫ রানে একটি, রিয়া আক্তার শিখা ৯ রানে একটি ও স্বর্ণা আক্তার ১১ রানে একটি উইকেট
নেন।
এরপর মাত্র ৯.১ ওভারেই ৭০ রানের টার্গেট অতিক্রম করে বাংলাদেশ। স্বর্ণা
আক্তার ১৯ বলে ৩৮,
আফিয়া
প্রত্যাশা ১৫ বলে ১৫,
রাবেয়া খান ১৩
বলে ১৪ রান করেন।










