সৌদি আরবের সমুদ্রতীরবর্তী শহর জেদ্দায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে গতকাল প্রথম দিন নতুন ইতিহাস হলো। আগের সব রেকর্ড ভেঙে দিয়ে ভারতীয় উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্তকে ২৭ কোটি রুপিতে কিনে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট।
এর আগে গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেয়া শ্রেয়াস আইয়ারকে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে কিনে রেকর্ড গড়ে পাঞ্জাব কিংস। তবে সেই রেকর্ডটা টিকল মাত্র ৩০ মিনিট। পরে পন্তকে কিনে পাঞ্জাবের রেকর্ডটা নিজেদের করে নেয় লক্ষ্ণৌ।
গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হওয়ায় ১৪ মাস মাঠের বাইরে কাটিয়ে গত আইপিএলে ফেরেন পন্ত। সেই পন্ত এবার আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দাম পেলেন। তাকে নিয়ে কাল লড়াই হচ্ছিল সাবেক দল দিল্লি ক্যাপিটালস ও লক্ষ্ণৌর মধ্যে। যদিও শেষ হাসিটা হাসে লক্ষ্ণৌ। এদিকে লক্ষ্ণৌর সাবেক অধিনায়ক লোকেশ রাহুলকে এবার ১৪ কোটিতে কিনে নিয়েছে পন্তের সাবেক দল দিল্লি!
নিলামে অংশ নিচ্ছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। নিলামের জন্য নিবন্ধন করেছিলেন মোট ১ হাজার ৫৭৪ জন। শেষ পর্যন্ত নিলামে জায়গা পান ৫৭৭ জন। এর মধ্যে ৩৬৬ জন ভারতীয়, বাকিরা বিদেশী।
বাংলাদেশ থেকে মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, লিটন দাস, শরিফুল ইসলাম ও নাহিদ রানা আছেন এবারের আইপিএল নিলামে। গতকাল রাত ১০টা পর্যন্ত বাংলাদেশের কেউ দল পাননি। আজ দ্বিতীয় দিন তারা দল পাওয়ার আশায় থাকবেন।










